PoK: জঙ্গি দমন এবার পাক অধিকৃত কাশ্মীরের মাটিতেই, লস্কর কমান্ডারকে তাড়াল সাধারণ মানুষ, পালাতে বাধ্য রিজওয়ান হানিফ

দেশ

নিউজ পোল ব্যুরো: পাক অধিকৃত কাশ্মীরে (PoK) তৈরি হচ্ছে নতুন ইতিহাস। যেখানে এতদিন জঙ্গিরা ছিল দোর্দণ্ড প্রতাপশালী, সেখানে এবার তাদেরই বিরুদ্ধে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ। কুইয়ান গ্রামের বাসিন্দারা প্রকাশ্যে লস্কর-ই-তৈবার কমান্ডার রিজওয়ান হানিফের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের তীব্র রোষে শেষমেশ পালাতে বাধ্য হয় রিজওয়ান তার সশস্ত্র গোষ্ঠী নিয়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ে তারা। বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রতিরোধ নয় বরং সন্ত্রাসবাদের (PoK) বিরুদ্ধে গণচেতনার বড় নিদর্শন।

আরও পড়ুন: প্রশিক্ষণে এসেছে নয়া সীমারেখা, AI-এর সাহায্যে দক্ষতা বৃদ্ধিতে নজির গড়ছে যোগী সরকার

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে লস্করের জঙ্গিরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেদের দখল কায়েম করেছিল। কিন্তু এবার আর চুপ করে না থেকে একজোট হয়েছেন কুইয়ানবাসীরা। গ্রামে জঙ্গি উপস্থিতির বিরুদ্ধে স্লোগান তোলে তারা। স্থানীয়দের স্পষ্ট বার্তা, “জঙ্গি নয়, শান্তি চাই!”

এই ঘটনার পরপরই ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev) অভিযান নতুন মাত্রা পেয়েছে। গত সোমবার চালানো এই অভিযানে পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) মূল অভিযুক্ত তিন জঙ্গি— সুলেমান, আফগান ও জিবরানকে খতম করা হয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের যৌথ অভিযানে। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের হত্যা করেছিল এই জঙ্গিরাই। অভিযানের নামই বলে দেয় ভারতের মনোভাব, “অপারেশন মহাদেব” (Operation Mahadev) মানে সন্ত্রাসের বিরুদ্ধে ধ্বংসাত্মক রূপ।

এর আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় মৃত্যু হয় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির। তার পরই দেশজুড়ে বিক্ষোভ ও বদলার দাবি ওঠে। প্রতিক্রিয়ায় ভারত চালায় “অপারেশন সিঁদুর” (Operation Sindoor), যেখানে ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও PoK-র ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই ধারাবাহিক অভিযানের মাঝে কুইয়ানের গ্রামবাসীদের এই প্রতিবাদ ভারতের কূটনৈতিক সাফল্যেরই এক প্রমাণ। এবার সন্ত্রাসবাদ শুধু সেনা নয়, সাধারণ মানুষের কাছেও হার মানছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole