নিউজ পোল ব্যুরো: বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা ছাড়া টিকে থাকা দুঃসাধ্য। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই প্রযুক্তিক্ষেত্রে (AI) যুব সমাজকে স্বনির্ভর করে তুলতে একের পর এক উদ্যোগ নিচ্ছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। শুধু পরিকল্পনা নয় বরং বাস্তবায়নের ক্ষেত্রেও নজির গড়েছে রাজ্য প্রশাসন। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছে রেকর্ড অঙ্কের বাজেট।
আরও পড়ুন: F-35 নয়! ট্রাম্পের শুল্ক চাপের পাল্টা জবাবে মোদী সরকারের কৌশলী প্রত্যাখ্যান
উত্তরপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট মিশন (UPSDM)-এর আওতায় এবার AI প্ল্যাটফর্মের সাহায্যে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পক্ষেত্রগুলির বর্তমান চাহিদা ও প্রবণতা বিশ্লেষণ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে প্রথমবারের মতো নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ট্রেনারদের জন্য। পাশাপাশি, যেন কোনও ব্যক্তি বা সংস্থা একচেটিয়া আধিপত্য বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতে এক একজন ট্রেনারের অধীনে সর্বোচ্চ পাঁচটি জেলার সীমা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ নজর দেওয়া হচ্ছে সেই ব্লক এবং জেলাগুলিতে যেখানে প্রশিক্ষণপ্রার্থীর সংখ্যা বেশি। লক্ষ্য একটাই, শতভাগ আগ্রহীকে প্রশিক্ষণ কেন্দ্রে অন্তর্ভুক্ত করা। এর ফলে গত এক বছরে রেসিডেনশিয়াল ট্রেনিংয়ে ফলাফল বৃদ্ধির হার ৩৫ শতাংশে পৌঁছেছে এবং প্রশিক্ষণে যোগদানের হার ৩ শতাংশ থেকে বেড়ে ৪৭ শতাংশে উন্নীত হয়েছে। ভবিষ্যতে রাজ্যের বড়মাপের শিল্পপ্রকল্পগুলিতে যাতে দক্ষ কর্মীর ঘাটতি না পড়ে, সেই লক্ষ্যেই আগাম কর্মপরিকল্পনা করছে সরকার। কোথায় কী ধরনের কর্মী প্রয়োজন হবে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনাররা। মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যজুড়ে কর্মক্ষেত্রের উপর সমীক্ষাও করা হয়েছে।
এছাড়াও, আইটিআই-তে স্বল্পমেয়াদি স্কিল ডেভেলপমেন্ট (Skill Development) কোর্স চালু হয়েছে, যেখানে মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে ৩৩ শতাংশ আসন। সব মিলিয়ে, AI-নির্ভর প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে উত্তরপ্রদেশ সরকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
