নিউজ পোল ব্যুরো: যখন বিশ্বাস হয়ে ওঠে আচার, আর আচার ছুঁয়ে যায় হৃদয় তখন জন্ম নেয় এক অবিনশ্বর আবেগের নাম, ‘লালবাগচা রাজা’ (Lalbagcha Raja Ganesh)। মুম্বইয়ের (Mumbai) বুকে যিনি শুধু গণেশ নন, তিনি প্রত্যাশার পূজ্য, শহরের আত্মিক স্পন্দন। এবছর সেই বাপ্পা এসেছেন তিরুপতি বালাজির (Tirupati Balaji) রাজকীয় রূপে। যেন আকাশের দেবতা নেমে এসেছেন সোনালি সাজে ভক্তদের দুঃখ লাঘব করতে।
আরও পড়ুন: Ganesh Chaturthi 2025: ‘গণপতি বাপ্পা মোরিয়া’ লিখে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

প্রতি বছর গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2025) মুম্বইয়ের লালবাগে তৈরি হয় এমন এক মণ্ডপ, যা কেবল একটি পূজার আয়োজন নয়। যেন হয়ে ওঠে একটি জনআস্থার মহাযাত্রা। আর তারই মূলে যিনি, তিনি লালবাগচা রাজা (Lalbagcha Raja Ganesh) ‘নবসাচা গণপতি’, যার কাছে নাকি চাওয়া মানেই পাওয়া। এ বছর ১৪ ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি হয়েছে তিরুপতি বালাজি থিমে। মূর্তির পরনে রয়েছে রানি-পিঙ্ক ভেলভেট ধুতি, ঝলমলে সোনালি বর্ডারে সজ্জিত। এক হাতে শঙ্খ, অপর হাতে চক্র, প্রতীক শান্তি ও সুরক্ষার। শিল্পী সন্তোষ রত্নাকর কামলির নিপুণ ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে মূর্তিটি।
এ বছর ৯২ তম বর্ষে পা দিয়েছে লালবাগচা রাজা (Lalbagcha Raja Ganesh)। ১৯৩৪ সালে একদল মাছ বিক্রেতার মানত থেকেই শুরু এই পূজার। তাদের বিশ্বাস ছিল, গণেশ ঠাকুর আশীর্বাদ করলে তাদের ব্যবসা ফুলেফেঁপে উঠবে। আর আজ সেই স্থান হয়ে উঠেছে ভারতজুড়ে গণেশ ভক্তদের তীর্থক্ষেত্র। বছরভিত্তিক থিমের বৈচিত্র্যে লালবাগচা রাজা বরাবরই নজর কেড়েছেন। ১৯৪৮ সালে গান্ধীর রূপ, ২০১৯ সালে চন্দ্রযান-২ থিম, আর এবার রামেশ্বরম মন্দির ও তিরুপতি বালাজির রূপে পূজিত গণপতি বাপ্পা। ২০২০ সালে কোভিডের কারণে পুজো বন্ধ থাকলেও, ২০২১ থেকে আবার আগের জাঁকজমকে ফিরেছে লালবাগে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
