Mohan Bhagwat: ৭৫-এ ,মোদীর ‘অবসর’! ভাগবতের জবাবে থেমে গেল জল্পনার জোয়ার?

দেশ

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অবসর ঘিরে চলা গুঞ্জনে অবশেষে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। জানিয়ে দিলেন, ৭৫ বছর বয়সকে ঘিরে অবসরের কোনও ‘নিয়ম’ নেই, আর তিনি ব্যক্তিগতভাবে কখনও এমন কিছু বলেননি। ফলে, সম্প্রতি যে গুঞ্জন উঠেছিল, মোদী ৭৫ বছর পূর্ণ করলেই সরে দাঁড়াবেন তা কার্যত নস্যাৎ করে দিলেন ভাগবত।

আরও পড়ুন: Narendra Modi: জাপান সফরে মোদী, বাণিজ্যিক কূটনীতি থেকে কোয়াডের নতুন সমীকরণে নজর, আলোচনার কেন্দ্রে কী রয়েছে?

এক সাংবাদিক সম্মেলনে সংঘের শতবর্ষ উদযাপন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ভাগবত (Mohan Bhagwat) বলেন, “আমি কখনও বলিনি আমি অবসর নেব, বা কেউ ৭৫-এ পৌঁছলেই পদ ছেড়ে দেবে। আমরা সংঘের স্বয়ংসেবক। কাজ যেটা দেওয়া হবে, সেটা করতে হবে—চাই বা না চাই।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংঘ চাইলে তিনি ৮০ বছরেও দায়িত্ব পালন করতে প্রস্তুত।

এর আগে, জুলাই মাসে নাগপুরে (Nagpur) একটি অনুষ্ঠানে ভাগবতের (Mohan Bhagwat) এক মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের ঝড় ওঠে। তিনি বলেছিলেন, “৭৫ বছরে যদি কেউ এসে অভিনন্দন জানায়, বুঝে নিতে হবে এবার থামার সময় হয়েছে।” ওই মন্তব্যকেই ভিত্তি করে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত দাবি করেন, মোদীকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাগবত। বিরোধী মহলেও সেই মন্তব্য ঘিরে জল্পনা ছড়ায়। সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দিচ্ছেন মোদী, তাহলে কি এবারই ‘বিদায় ঘণ্টা’?

কিন্তু এদিন ভাগবতের সাফাই, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটা আসলে ‘ড্যামেজ কন্ট্রোল’। বিতর্কে জল ঢেলে আরএসএস (RSS) চাইছে স্পষ্ট বার্তা দিতে মোদীর নেতৃত্বে এখনও ভরসা রাখছে সংঘ। এছাড়াও, জনসংখ্যা নীতি নিয়ে তার মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার মতে, “যেসব সম্প্রদায়ের জন্মহার তিনের নিচে, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাই তিনের বেশি সন্তানের জন্ম জরুরি।” এই বক্তব্য ঘিরেও সমালোচনা তুঙ্গে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole