নিউজ পোল বাংলা: আরও কাছাকাছি ভারত-রাশিয়া। চিনের সাক্ষাৎ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই আবহেই এল বড় খবর। ট্রাম্পের শুল্কনীতির আবহে আরও মজুবত হতে চলেছে ভারত-রাশিয়ার সম্পর্ক। ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রেমলিনের বিদেশনীতির সহকারী উশাকভ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন চিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সময় “ডিসেম্বরে ভারত সফরের প্রস্তুতি” নিয়ে আলোচনা করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটাই হতে চলেছে পুতিনের প্রথম ভারত সফর।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা এবং রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের মার্কিন শুল্ক আরোপের পর ডিসেম্বরে পুতিনের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সুসম্পর্ক নিয়ে যেভাবে চটেছেন ট্রাম্প তাতে পুতিনের ভারতের আসার খবর যে নতুন করে সেই আগুনে ঘি ঢালবে তা আর বলার অপেক্ষা রাখে না। পুতিন ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের জন্য চিন সফর করবেন। সেখানেই দেখা হবে মোদীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এই আবহেই উশাকভ বলেছেন “SEO এবং SEO+ শীর্ষ সম্মেলনের মধ্যে, আমাদের প্রেসিডেন্টের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে ১০ টিরও বেশি বৈঠকের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।”
এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কোতে শীর্ষ রাশিয়ান কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় পুতিনের সফরের বিষয়টি উঠে আসে। বছরের শুরুতে মার্চ মাসে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন যে পুতিন প্রধানমন্ত্রী মোদীর দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর রাশিয়ায় করেছিলেন। “এখন আমাদের পালা। রাশিয়ান রাষ্ট্রপ্রধানের ভারত সফরের প্রস্তুতি চলছে।” ওয়াকিবহল মহল বলছে, পুতিনের ভারত সফর ট্রাম্পের চক্ষুশূল হতে পারে । তেমনই নয়াদিল্লি ও মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
