Rain Update: সেপ্টেম্বরের শুরুতেই নতুন করে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি

আবহাওয়া কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরো: কিছুতেই কাটছে না বাংলার আকাশ থেকে কালো মেঘ। কিছুটা বিরতি নিয়েই নতুন করে ভাসতে চলেছে বাংলা। আগামীকাল ২ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরেই চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে (Rain Update) ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সোমবার পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর মাসে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। আসন্ন নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাত হতে পারে।
২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে ২০২৫ সালের জুন, জুলাই, অগাষ্ট এই তিন মাসে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলায় (গড় রেকর্ড ১৮০৩ মি.মি)। রাজ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলায় (গড় রেকর্ড ৬৮৩ মি.মি)। সমগ্র দক্ষিণবঙ্গে গড় বৃষ্টিপাত হয়েছে ১০৩৪ মি.মি, যা স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ বেশি এবং সমগ্র উত্তরবঙ্গে গড় বৃষ্টিপাত হয়েছে ১২৫৯ মি.মি, যা স্বাভাবিক থেকে ১২ শতাংশ কম। সমগ্র পশ্চিমবঙ্গে গড় বৃষ্টি হয়েছে ১০৯৫ মি.মি, যা স্বাভাবিক থেকে ৫ শতাংশ বেশি।