WBSSC: নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে এসএসসি পরীক্ষার ফল, জানালেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (WBSSC) জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে এবারের এসএলএসটি পরীক্ষার ফল। এসএসসি (WBSSC)-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কাজ শেষ হলেই ফলাফল ঘোষণা করা হবে। এই পরীক্ষা হয়েছিল ২০২৫ সালের ৭ ও ১৪ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের নির্দেশে।

আরও পড়ুন:Devlina Kumar: উত্তমকুমারের ৭৫ বছরের লক্ষ্মীপুজোয় ঐতিহ্যের আভা, দেবলীনা কুমার ফিরিয়ে আনলেন ‘ভিয়েন’-এর রীতি

প্রসঙ্গত, ৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা ও নিয়োগের নির্দেশ দেয় সরকার। তারই অংশ হিসেবে এসএসসি (WBSSC) সেপ্টেম্বরে দুটি পর্যায়ে পরীক্ষা নেয়। এখন কমিশনের মূল লক্ষ্য সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আগেই জানিয়েছিলেন, পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি (WBSSC) এবং নভেম্বর মাসেই ইন্টারভিউ প্যানেল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছে। সেই সঙ্গে সম্পন্ন হয়েছে উত্তর চ্যালেঞ্জের প্রক্রিয়াও। কমিশন সূত্রে খবর, প্রায় ৫০০-র বেশি প্রার্থী উত্তর চ্যালেঞ্জ করেছেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে সঠিক উত্তর নির্ধারণ করে তা প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার। নবম-দশম শ্রেণির ক্ষেত্রে আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন, তার মধ্যে পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন শতাংশের নিরিখে ৯১.৬২। অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩, যার মধ্যে ৩১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন, শতাংশের হিসেবে প্রায় ৯৩।

সব মিলিয়ে, নভেম্বরের প্রথম সপ্তাহেই যখন ফল প্রকাশের ঘোষণা করেছে এসএসসি (WBSSC), তখন নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আশায় বুক বাঁধছেন কয়েক লক্ষ প্রার্থী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole