Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু মাস কমিউনিকেশনে পিজি ডিপ্লোমার ভর্তি, আবেদন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাঁদের আগ্রহ গণজ্ঞাপন বা মাস কমিউনিকেশনে, তাঁদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ঘোষণা করেছে স্বল্পমেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে আবেদন গ্রহণ শুরু হয়েছে অনলাইনে, এবং চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের স্নাতক সম্পন্ন করেছেন, বা ২০২৫ সালে স্নাতকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন— এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:Ranveer Kapoor: দীপাবলিতে ‘কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন’-এ গৃহপ্রবেশ, ২৫০ কোটির প্রাসাদে নতুন জীবনের শুরু রণবীর-আলিয়ার

এই কোর্সটির আয়োজন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগ। এক বছরের মেয়াদী এই ডিপ্লোমা কোর্সে ক্লাস হবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা।

ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হলে পড়ুয়াদের বসতে হবে বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা প্রবেশিকা পরীক্ষায়, যা নেওয়া হবে এমসিকিউ ভিত্তিক। আগামী ১৩ ডিসেম্বর দুপুর ২টায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফলের ভিত্তিতে ১৯ ডিসেম্বর প্রকাশ করা হবে মেধাতালিকা, এবং পরবর্তী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ২৩ ডিসেম্বরের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওয়েবসাইটে আবেদন ফর্ম ও বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগ্রহীরা সেখান থেকেই সমস্ত নথি-সহ অনলাইন আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মজীবী ও বিভিন্ন বিষয় থেকে আসা পড়ুয়াদের জন্য এই কোর্সটি তৈরি করা হয়েছে যাতে তাঁরা গণমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয় প্রশিক্ষণ পেতে পারেন। উচ্চশিক্ষা ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এক নতুন উদ্যোগ নিচ্ছে এই পিজি ডিপ্লোমার মাধ্যমে, যা ভবিষ্যতের সাংবাদিক, যোগাযোগ বিশেষজ্ঞ ও মিডিয়া পেশাজীবীদের গড়ে তোলার পথ খুলে দেবে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole