নিউজ পোল ব্যুরো: ২০২৭ সাল থেকেই বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা। সিদ্ধান্ত নিয়েছে বাংলা (WBCHSE Exam) শিক্ষা সংসদ। চলতি বছরে প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। তবে অঙ্ক, পদার্থবিদ্যা, হিসাবশাস্ত্র ও রাশিবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানায় সময় খুব কম থাকায় উত্তর লিখতে সমস্যা হয়েছে। অনেকে উত্তর দিতে গিয়েও অসম্পূর্ণ রেখে এসেছে, আবার কেউ কেউ আন্দাজে লিখে জমা দিতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন:Dev: ছবির প্রচারের ভিড়েও থামেনি মানবিকতা, অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন দেব!
এই সমস্যার কথা সামনে আসতেই আলোচনায় বসে বাংলা (WBCHSE Exam) শিক্ষা সংসদ। জানা গিয়েছে, অভ্যন্তরীণ বৈঠকে মডারেটর শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং তাঁদের কাছেও এ বিষয়ে প্রশ্ন তোলা হয়। তার পরেই সিদ্ধান্ত হয় যে, আগামী বছর থেকে পরীক্ষার্থীদের ১০ মিনিট আগে ওএমআর শিট দেওয়া হবে। অর্থাৎ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা বদলে শুরু হবে ৯টা ৫০ মিনিটে। সংসদের এক কর্তা জানান, “এ বছর পরীক্ষার্থীরা বারবার জানিয়েছে সময়ের অভাবে সমস্যায় পড়েছে। তাই পুনরায় যাতে এমন অসুবিধার মুখোমুখি না হতে হয়, আমরা পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখযোগ্য যে, এই প্রথম ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। ১ ঘণ্টা ১৫ মিনিটে ৩৫ বা ৪০ নম্বরের প্রশ্ন সমাধান করতে হচ্ছে তাঁদের। অনেক ছাত্রছাত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র কঠিন ছিল না, কিন্তু দীর্ঘ হওয়ায় শেষ করতে পারেননি। অন্যদিকে কিছু পড়ুয়া বলেছেন, সময়ের চাপে বহু উত্তর আন্দাজে লিখতে হয়েছে।
দীর্ঘ প্রশ্নপত্রের কারণে এই অসুবিধা স্বীকারও করেছে বাংলা (WBCHSE Exam) শিক্ষা সংসদ। তবে তারা দায় চাপিয়েছে প্রশ্নকর্তা শিক্ষকদের উপর। সংসদের এক কর্তা জানান, “প্রশ্ন করার সময় মডারেটরদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। নির্দেশ দেওয়া হয়েছিল সহজ ও দ্রুত উত্তরযোগ্য প্রশ্ন রাখতে, কিন্তু তা মানা হয়নি।” অন্যদিকে, সংসদের সভাপতি আশ্বস্ত করেছেন পরীক্ষার্থীদের। তিনি জানিয়েছেন, বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে মূল্যায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম সেমেস্টারের সময়সূচি সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট হলেও, আগামী বছর থেকে তা বদলে হবে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
বাংলা (WBCHSE Exam) শিক্ষা সংসদের এই সিদ্ধান্তে স্বস্তি পেল পড়ুয়ারা, কারণ সময় নিয়ে দীর্ঘদিনের অভিযোগ অবশেষে শোনা হল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
