নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর মরশুম মানেই বাঙালির জন্য খুশির আবহ। সিনেমা হল ভরে ওঠে নতুন ছবির ভিড়ে, তারকাদের ব্যস্ততাও থাকে তুঙ্গে। এই বছরও মুক্তি পেয়েছে সুপারস্টার দেব (Dev)-এর ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)। একের পর এক প্রচার, সাক্ষাৎকার, দর্শকদের সঙ্গে যোগাযোগ সবকিছুতেই তিনি ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝেই উঠে এল এক আবেগঘন ঘটনা, যেখানে দেখা গেল অভিনেতার মানবিক দিক।
আরও পড়ুন:Anarasi Katla: ফেস্টিভ টেবিলের জন্য পারফেক্ট: আনারস দিয়ে কাতলা মাছ রান্নার রেসিপি
মহাপঞ্চমীর দুপুরে ভাইরাল হয় একটি ছবি ও ভিডিও। উত্তর কলকাতার হাতিবাগান (Hatibagan) এলাকায় বিনোদিনী থিয়েটারের (Binodini Threater) সামনে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন এক বৃদ্ধ, চিরঞ্জিৎ সেনগুপ্ত (Chiranjeet Sengupta)। একসময় ফল বিক্রি করেই সংসার চালাতেন তিনি। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী ও একমাত্র সন্তান দুজনেই চলে যান না ফেরার দেশে। জীবনের একমাত্র অবলম্বন তাঁর নাতনি, যিনি বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। চরম অসহায় অবস্থায় তাই দুর্গাপুজোর ভিড়েই দেখা যায় তাঁকে সাহায্য চাইতে। এই পোস্টটি নজরে আসতেই সুপারস্টার দেব (Dev) নিজের সোশাল মিডিয়ায় তা শেয়ার করেন। তিনি স্পষ্ট জানান, ওই বৃদ্ধের পাশে দাঁড়াতে চান এবং যাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করাতে পারেন, তাঁদের অনুরোধ জানান। মুহূর্তেই নেটিজেনদের প্রশংসার ঝড় ওঠে। অনেকেই লেখেন, পর্দার নায়ক হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেরও নায়ক তিনি।
এমন ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও অসুস্থ মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দেব (Dev), কখনও আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন, আবার কখনও বিপদে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই কাজের জন্যই তাঁর অনুরাগীরা বারবার নতুন করে আবেগাপ্লুত হয়েছেন। উৎসবের ভিড়, সিনেমার ব্যস্ততা বা প্রচারের ঝলক কোনও কিছুই যেন দমিয়ে রাখতে পারে না দেব (Dev)-এর মানবিক সত্ত্বাকে। আর তাই নেটিজেনরা ফের জানালেন কৃতজ্ঞতা, বললেন “এমন নায়ক সত্যিই দুর্লভ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
