নিউজ পোল ব্যুরো: আরও একবার উত্তপ্ত হয়ে উঠল ইয়েমেন (Yemen) উপকূল। এডেনের কাছাকাছি জলসীমায় এলপিজি বোঝাই একটি বাণিজ্যিক জাহাজে ভয়ংকর বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজটিতে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত, ওই জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিক-সহ ২৪ জন ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া না গেলেও ২ জন নিখোঁজ, যাঁদের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: Narendra Modi: ‘ঘুম উড়েছে পাকিস্তানের’, দেশীয় বিক্রান্তে দীপাবলি কাটিয়ে বার্তা দিলেন মোদী
ঘটনাটি ঘটেছে শনিবার। ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ ‘এমভি ফ্যালকন’ এলপিজি নিয়ে রওনা দিয়েছিল ওমানের সোহার বন্দর থেকে পূর্ব আফ্রিকার ডিজিবোটি বন্দরের উদ্দেশ্যে। পথে, ইয়েমেনের (Yemen) এডেন শহরের দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজটি। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে এই ঘটনার নেপথ্যে হাউথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের তীব্রতায় জাহাজটির প্রায় ১৫ শতাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে, বলে জানিয়েছে তদন্তকারী সূত্র। স্থানীয় উপকূলরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজটিতে মোট ২৬ জন ক্রু ছিলেন। উদ্ধার হওয়া ২৪ জনের মধ্যে ২৩ জন ভারতীয়, বাকি একজন ইউক্রেনের নাগরিক। নিখোঁজ রয়েছেন ২ জন, তাদের সন্ধানে এখনও চলছে চিরুনি তল্লাশি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই এলাকা (Yemen) হাউথি জঙ্গিদের কার্যকলাপের জন্য কম ঝুঁকিপূর্ণ। তারা ইতিমধ্যেই লোহিত সাগর ও আরব সাগরের বাণিজ্যপথে একাধিকবার হামলার চেষ্টা করেছে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তদন্ত চলছে, আর গোটা ঘটনার পেছনে কোন অভ্যন্তরীণ ত্রুটি, নাকি জঙ্গি ষড়যন্ত্র তা জানার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। তবে যেভাবেই হোক, ২৩ জন ভারতীয় নাবিকের প্রাণ রক্ষা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
