নিউজ পোল ব্যুরো: অযোধ্যায় রামমন্দির (Ayodhya) উদ্বোধনের পর এবার বিজেপির নজর মিথিলার মাটিতে। বিহারের সীতামঢ়ি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করলেন, যেমনভাবে অযোধ্যায় প্রভু রামের ভব্য মন্দির গড়ে উঠেছে, তেমনই সীতামাতার জন্মভূমিতেও তৈরি হবে এক মহিমান্বিত সীতা মন্দির। বিহার ভোটের আগে এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই সরগরম।
অমিত শাহর (Amit Shah) কথায়, “বহু বছর ধরে রামলালাকে তাঁবুতে থাকতে হয়েছিল। তখন কেউ চায়নি মন্দির গড়তে। কিন্তু নরেন্দ্র মোদী (Narendra Modi) ক্ষমতায় আসার পর রামমন্দিরের স্বপ্ন বাস্তব হয়েছে। এখন সময় এসেছে সীতামাতার সম্মান ফেরানোর।” শাহ (Amit Shah) আরও জানান, শুধু সীতামাতার জন্মভূমিই নয়, তিনি যে সব স্থান অতিক্রম করেছেন, সেগুলিকে ‘রামপথ’ প্রকল্পের মাধ্যমে যুক্ত করা হবে, যাতে ভক্তরা এক ধারাবাহিক তীর্থযাত্রার অভিজ্ঞতা পান।
ধর্মীয় ইতিহাস অনুযায়ী, প্রাচীন মিথিলার রাজা বিদেহরাজ জনকের রাজধানী ছিল জনকপুর। সেখানেই হলকর্ষণের সময় পৃথিবী থেকে উঠে এসেছিলেন সীতা। রাজা জনক তাকে কন্যা হিসেবে লালন করেন। জনকপুর আজ নেপালের অন্তর্গত হলেও, যে স্থানে সীতার আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করা হয়, সেটিই আজকের সীতামঢ়ি। তাই সীতামাতার জন্মভূমি হিসেবে সীতামঢ়ির বিশেষ ঐতিহ্য রয়েছে।
বিহারের মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই মিথিলাঞ্চল। এখানকার ঘরে ঘরে সীতামাতা দেবী রূপে পূজিত হন। সেই আবেগকেই এবার রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে বিজেপি, এমনই মত রাজনৈতিক মহলের। কয়েক মাস আগেই সীতামারিতে জানকী মন্দিরের শিলান্যাস সম্পন্ন হয়েছে ভূমিপুজো, হোমযজ্ঞ, আরতি সবই হয়েছে ধুমধাম করে। এবার সেই প্রকল্পকে আরও বৃহৎ আকারে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। জানা গেছে, প্রায় হাজার কোটি টাকার ব্যয়ে এই মন্দিরটি হবে এক মহাপর্যটন কেন্দ্র, যেখানে ধর্ম, সংস্কৃতি আর ইতিহাস মিলবে এক সুতোয়। অযোধ্যার রামমন্দির যেমন উত্তর ভারতের ধর্মীয় মানচিত্রে নতুন অধ্যায় লিখেছে, তেমনই মিথিলার সীতামন্দিরও হতে পারে নতুন ভক্তি-অধ্যায়ের সূচনা। রাম ও সীতার মিলিত মহিমা এবার ছড়িয়ে পড়তে চলেছে বিহারের মাটিতে এমনই বার্তা দিলেন শাহ, জানকীর শরণে দাঁড়িয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
