India Champion: বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, স্বপ্ন পূরণ করল ভারতের মেয়েরা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অবশেষে স্বপ্ন সত্যি হলো। কোটি কোটি ভারতবাসীর প্রার্থনা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের বহু বছরের কঠোর পরিশ্রম সফল হলো। মুম্বাইয়ের মাঠে ইতিহাস রচনা করে ভারত প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ (ODI) জিতেছে। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের ব্যবধানে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় পরল ভারতের মেয়েরা। এই ঐতিহাসিক জয় ভারতীয় ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

আরও পড়ুন:India vs Australia : অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

ভারত ২৯৮ রান করার পরই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হতে অবিশ্বাস্যইকিছুই করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক লরা ভলভার্টের ব্যাটে সেই স্বপ্নই দেখছিল প্রোটিয়ারা। অন্যদিকে যখন পরপর উইকেট পতন হলেও ভলভার্ট পথের কাঁটা হয়ে ছিলেন ভারতের। ৪২তম ওভারে তিনবারের চেষ্টায় ক্যাচ নিয়ে সেই কাঁটা উপরে ফেলেন আমানজোত কৌর। এরপর দ্রুতই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করেছে ভারত। সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে ভলভার্টকে।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান। ভারতের হয়ে শেফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮ ও স্মৃতি মান্ধানা ৪৫ রান করেন।

জবাব দিতে নেমে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ বলে ৫১ রান। ৩৫ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন ব্রিটস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি আনিকা বশ। ৬ বলে কোনো রান না করেই বিদায় নেন শ্রী চরণীর বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে। তৃতীয় উইকেট জুটিতে সুনে লুসকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ভলভার্ট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

শেফালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২৫ রান। মারিজান কাপও টিকতে পারেননি বেশিক্ষণ। বিদায় নিয়েছেন ৫ বলে ৪ রান করেই। সিনালো জাফতা ফেরেন ২৯ বলে ১৬ রান করে। এরপর আনেরি ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন ভলভার্ট। দলীয় ২০৯ রানের মাথায় দীপ্তির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৭ বলে ৩৫ রান করা ডের্কসেন।

 

এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক লরা ভলভার্ট। এক পর্যায়ে তুলে নেন সেঞ্চুরি। তবে এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে বড় শট খেলতে গিয়ে। এরপর আর বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। ভারতের ২৯৮ রানের বিপরীতে ৪৫ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।