নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনীতিতে (Bihar Election) প্রথম দফার ভোট পর্বেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। ৬৪.৬ শতাংশ ভোট পড়ে রেকর্ড গড়েছে রাজ্যটি এত ভোট বিহারের নির্বাচনী ইতিহাসে এর আগে কখনও পড়েনি। ২০০০ সালে যেখানে ভোটের হার ছিল ৬২ শতাংশ, সেখানে এবার সেই সীমা ছাপিয়ে গিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রাজ্য। এই নজিরবিহীন ভোটের হার নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা ভোটের বাড়তি অংশীদারি কাদের দিকে যাবে, এনডিএ-র (NDA) দিকে না বিরোধীদের দিকে? তবে, ভোটের অঙ্ক কষতে কষতে এর মধ্যেই আত্মবিশ্বাসে ভরপুর বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ।
তার (Amit Shah) দাবি, “বিহারের মানুষ এনডিএ-র উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। ভোট পড়ার হারই প্রমাণ করছে, রাজ্য বিরোধীদের প্রত্যাখ্যান করে এনডিএ-কেই বেছে নিতে চাইছে।” শাহর (Amit Shah) কথায়, “যারা বিহারকে পিছিয়ে দিয়েছিল, দুর্নীতির জালে জড়িয়েছিল, মানুষ তাদের আর দেখতে চায় না। মোদিজির নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগোচ্ছে, আর এই ভোট সেই জনসমর্থনের প্রমাণ।”
শাহ আরও বলেন, “আমরা অন্তত ১৬০টির বেশি আসন পাব বলে আমি নিশ্চিত। বিহারের জনগণ বিরোধীদের গুজব বা বিভ্রান্তিতে পড়েনি। তারা স্থিতিশীল সরকার চায়, উন্নয়নের ধারাবাহিকতা চায়।” যদিও এনডিএ-র আগের স্লোগান ছিল ‘আব কি বার ২০০ পার’, এবার শাহ তুলনামূলকভাবে লক্ষ্য কমিয়ে ১৬০ আসনের কথা বললেও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ঘাটতি নেই।
অমিত শাহ এও দাবি করেছেন, গত এক দশকে বিহারের পরিকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক ও শিল্পোন্নয়নে এনডিএ সরকার বিপুল কাজ করেছে। তার ভাষায়, “গত এগারো বছরে মোদিজির নেতৃত্বে বিহার পেয়েছে শক্তিশালী সড়ক নেটওয়ার্ক, উন্নত বিদ্যুৎ পরিকাঠামো ও শিল্প বিনিয়োগের সুযোগ। এটাই আজকের ভোটে প্রতিফলিত হয়েছে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে, ভোটের হার যতই বাড়ুক, তা সবসময় শাসক পক্ষের পক্ষে যায় না অনেক সময় উচ্চ ভোটদান মানে জনঅসন্তোষও হতে পারে। কিন্তু এনডিএ শিবির এই তত্ত্ব মানতে নারাজ। তাদের বক্তব্য, “এই ভোট প্রতিষ্ঠানের পক্ষে হাওয়ার প্রতিফলন, বিরোধী হাওয়া নয়।” সবমিলিয়ে, বিহারের ভোটের রেকর্ড অংশগ্রহণ নিয়ে যেমন উচ্ছ্বাস তুঙ্গে, তেমনই রাজনৈতিক অঙ্কে শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা যার ফলাফলই বলবে, শাহর আত্মবিশ্বাস বাস্তবের মাটিতে কতটা টেকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
