Bank Strike: ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ও বিমা কর্মীদের বড়সড় ধর্মঘটের ডাক

দেশ

নিউজ পোল ব্যুরো: আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাপক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ও বিমা কর্মী সংগঠন। INTUC, AITUC, HMS, CITU, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC-সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্র সরকারের প্রণীত নতুন শ্রম কোডে একাধিক শ্রমিক-বিরোধী ও জনস্বার্থবিরোধী ধারা যুক্ত করা হয়েছে। সেই সব ধারার প্রতিবাদ জানানোই এই ধর্মঘটের মূল উদ্দেশ্য। পাশাপাশি কেন্দ্রের সাম্প্রতিক অর্থনৈতিক নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হবেন কর্মীরা। এর সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক কর্মীদের অন্যতম প্রধান দাবি—সপ্তাহে দু’দিন ছুটি—এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: Humayun Kabir: শুরু হলো বাবরি মসজিদ নির্মাণ! ১২০০ কণ্ঠে কোরান পাঠের মাধ্যমে বেলডাঙায় শিলান্যাস করলেন হুমায়ুন কবীর

ধর্মঘটের দাবির তালিকায় রয়েছে সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা। ব্যাঙ্ক ও LIC-এর বেসরকারিকরণ এবং সরকারি বিনিয়োগ বিক্রির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি সরকারি সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী জাতীয় সংস্থা গঠনের আহ্বান জানানো হয়েছে। আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা, নতুন পেনশন প্রকল্প (NPS) বাতিল করে পুরোনো পেনশন স্কিম (OPS) পুনরায় চালু করা এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহারের দাবিও আন্দোলনের অংশ। কর্পোরেট সংস্থাগুলির বকেয়া ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া ও সাধারণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা চার্জ কমানোর দাবিও জোরালোভাবে তোলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ব্যাঙ্কে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকলেও প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার পূর্ণদিবস কাজ হয়। এই ব্যবস্থার পরিবর্তন করে শনি ও রবিবার দু’দিন ছুটি চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন কর্মীরা। একই দিনে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ভারত বনধের ডাক থাকায় রেল ও বাস চলাচলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, একদিনের ধর্মঘটে ATM পরিষেবায় বড়সড় সমস্যা হওয়ার সম্ভাবনা কম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole