নিউজ পোল ব্যুরো: বিশ্বজয় করে বাংলার সোনার মেয়ে ঘরে ফিরেছে। সেই রিচা ঘোষকে (Richa Ghosh) নিয়ে মেতে উঠেছিল কলকাতা। শিলিগুড়ি থেকে দুপুরে কলকাতায় আসেন। বিমানবন্দরে তাকে ঘিরে উপচে পড়া ভিড় ছিল এদিন। তার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (Cricket association of Bengal) সেজে উঠেছিল শুক্রবার থেকেই। অপেক্ষা ছিল শুধু দেবীর। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটের নন্দন কাননে সেই দেবী বন্দনাও হয়ে গেল। সিএবি (CAB) এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রিচা ঘোষকে শনিবার ইডেন গার্ডেন্সে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। আইসিসি (ICC) মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ ভারতের জয়ের খুব গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই বিশ্বজয়ীকে বঙ্গভূষণ সম্মান জানানো হল। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পদের নিয়োগপত্র এবং ৩৪ লক্ষ টাকা উপহার দেওয়া হয়। ফাইনালে রিচার ৩৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতের জয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই ইনিংসকে স্মরণীয় করতেই ৩৪ সংখ্যাটা বাছা হয়েছে। যা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে উত্তরীয় ও সোনার চেন, সোনার ব্যাটও উপহার পেয়েছেন তিনি। এক কথায় বলা যায় সোনার মেয়ের উপহারের ডালি নিয়ে আসা হয়েছিল। ইডেনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) এবং চলচ্চিত্র জগতের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:sleep cycle: টানা ঘুম নয়! এক সময় রাতে দু’দফায় ঘুম ছিল মানুষের স্বাভাবিক রুটিন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, রিচা বাংলার গর্ব। সৌরভ গাঙ্গুলী রিচাকে ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান। এই সংবর্ধনা অনুষ্ঠানে রিচার ক্রিকেটীয় সাফল্যকে বাংলার তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

প্রাক্তন তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী রিচার পাশাপাশি দলের অন্যান্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান, কারণ তারা বিশ্বকাপ জিতে তার বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন।চমক অবশ্য আরও বাকি ছিল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও উপহার স্বরূপ রিচাকে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রিচার মতো প্রতিভা পেয়ে বাংলা গর্বিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
