Delhi: দিল্লির বাতাসে বিষ! ৪০০ পেরিয়ে ‘ভয়াবহ’ দূষণ

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লির (Delhi) আকাশ আবারও ধূসর হয়ে উঠেছে দূষণের কালো ছায়ায়। উৎসবের রেশ কাটতে না কাটতেই রাজধানীর বাতাসে বিষাক্ত কুয়াশা জমে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। সপ্তাহের শুরুতেই ঘুম ভাঙল দমবন্ধ পরিবেশে রাস্তাঘাট সাদা ধোঁয়ায় ঢেকে, চোখে জ্বালা আর শ্বাসকষ্ট যেন দিনের স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) পরিসংখ্যান জানাচ্ছে, দিল্লির (Delhi) সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI লাফিয়ে উঠে গেছে ‘গুরুতর’ পর্যায়ে। গড় হিসেবে AQI ছিল ৩৫৯, যা বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

আরও পড়ুন: Kerala: ভোটার তালিকা সংশোধনে অতিরিক্ত চাপ, আত্মঘাতী বুথ অফিসার

সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বাওয়ানা এলাকা সকাল ৭টায় সেখানে AQI ছুঁয়েছে ৪২৭, যা বিপজ্জনক মাত্রার অনেক ওপরে। রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলও দূষণের জেরে দমবন্ধ হয়ে আছে। কর্তব্য পথ এলাকায় AQI ৩৪১, চাঁদনি চকে ৩৮৩, আর কে পুরমে ৩৬৬, পঞ্জাবিবাগে ৩৮৪, পাটিয়ালানগরে ৩৬৯ এবং আনন্দ বিহারে ৩৮৩ সব মিলিয়ে দিল্লির বুকে প্রশ্বাস নেওয়াই যেন কঠিন হয়ে পড়েছে।

CPCB এর মতে, আর্দ্রতার কারণে তৈরি ঘন ধোঁয়াশা ও বায়ুর অত্যন্ত কম গতিবেগ এই বিপর্যয়ের মূল কারণ। বাতাস স্থির হয়ে থাকায় দূষিত কণা বায়ুমণ্ডলে আটকে থাকছে এবং দ্রুত জমা হচ্ছে। গত সপ্তাহ থেকেই দিল্লিতে (Delhi) জারি হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তৃতীয় ধাপ, যাতে নির্মাণকাজে বিধিনিষেধ, যানবাহন নিয়ন্ত্রণ সহ একাধিক কড়া ব্যবস্থা রয়েছে। তবুও দূষণের গ্রাফ নামার কোনও লক্ষণ নেই। বরং দীপাবলির পর থেকে দূষণের মাত্রা আগের মতোই আরও উর্ধ্বমুখী।

দিল্লি সরকার পরিস্থিতি সামাল দিতে বিকল্প পথ হিসেবে ‘ক্লাউড সিডিং’-এর পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছিল। বৃষ্টির মাধ্যমে দূষণ কমানোর আশায় ইতিমধ্যেই হয়েছে তিন দফা ট্রায়াল, যার পিছনে খরচ হয়েছে প্রায় ১.০৭ কোটি টাকা। কিন্তু সেই বৃষ্টি বাস্তবে প্রায় হয়নি বললেই চলে। ফলস্বরূপ পরিস্থিতির উন্নতি তো নয়ই, বরং দূষণ বাড়ছে একের পর এক। দূষণের এই লাগামহীন বৃদ্ধি মানুষের স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা, অ্যালার্জি, অ্যাস্থমার আক্রমণ এসবই এখন দিল্লিবাসীর নিত্যসঙ্গী। চিকিৎসকেরা শিশু, প্রবীণ এবং শ্বাসজনিত রোগে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। দিল্লির বাতাস যে এভাবে বিষাক্ত হতে থাকবে, তা ভাবতে পারেননি শহরের মানুষ। শীত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে, এমন আশঙ্কাই এখন ভর করছে সকলের মনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole