নিউজ পোল ব্যুরো: কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও (Kerala) এই কার্যসূচি চালু হতেই বিপাকে পড়ছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। আর সেই চাপই ক্রমে রূপ নিচ্ছে ক্ষোভে। কান্নুর জেলার এক বিএলও-র মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়ে উঠেছে। তার পর থেকেই রাজ্য জুড়ে বিএলও-দের মধ্যে শুরু হয়েছে প্রবল প্রতিবাদ ও SIR কাজ বয়কটের ডাক।
রবিবার মৃত্যুবরণ করেন অনীশ জর্জ নামে ৪৪ বছরের ওই বিএলও, যিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। নিজের বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, SIR-এর অতিরিক্ত দায় এবং লাগাতার কাজের চাপ তার মানসিক অবস্থাকে চরমভাবে নাড়িয়ে দেয়। খাওয়া-দাওয়া, বিশ্রামের সময় কিছুই নাকি নিজের মতো করে আর হচ্ছিল না। প্রতিটি মুহূর্তে কাজের চাপ তাকে ক্লান্ত করে তুলেছিল। সেই অবসাদ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ পরিবারের।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেরলের (Kerala) বিভিন্ন শিক্ষক সংগঠন, সরকারি কর্মচারী সংগঠন এবং বিএলও-রা ঐক্যবদ্ধভাবে কাজ স্থগিতের ডাক দেন। রাজধানী তিরুঅনন্তপুরমে মুখ্য নির্বাচনী দফতরের সামনে জমায়েত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন বহু কর্মী। তাদের দাবি, পরিকল্পনা ছাড়া অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে মাঠপর্যায়ের কর্মীদের উপর; ফলে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন তাঁরা।
ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল সিপিএম (CPIM)। বিরোধীরা অভিযোগ তুলেছে, প্রশাসনিক দায়িত্ব পালনের সময় বিএলও-দের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশন সরাসরি দাবি করেছেন, অনীশ জর্জ কংগ্রেসের (Congress) এক বুথ এজেন্টের সঙ্গে ভোটার এনুমারেশন ফর্ম বিতরণে বেরিয়েছিলেন, আর সেই কারণেই তাকে নাকি হুমকি দেওয়া হয়েছিল। তিনি কমিশনের কাছে বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও করেছেন। অবশ্য সিপিএমের কিছু নেতার বক্তব্য, জর্জ ব্যক্তিগতভাবে কাজের চাপে মানসিক দুশ্চিন্তায় ছিলেন।
একজন মাঠপর্যায়ের সরকারি কর্মীর এমন মৃত্যু প্রশাসনিক ব্যবস্থার দুর্বল দিক আবারও সামনে এনে দিয়েছে। SIR প্রক্রিয়া যতই প্রয়োজনীয় হোক, অতিরিক্ত কাজের চাপ ও পর্যাপ্ত সুরক্ষা বা সহায়তার অভাব যে কতটা ভয়ঙ্কর পরিণতি আনতে পারে, অনীশ জর্জের মৃত্যু সেই প্রশ্নটাই নতুন করে তুলেছে। কেরলের (Kerala) বিএলও-দের বিক্ষোভ তাই শুধু প্রশাসনিক সমস্যা নয় এটি মানবিকতারও এক গভীর সংকট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
