নিউজ পোল ব্যুরো: বিহার রাজনীতিতে ফের একবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন নীতীশ কুমার। এনডিএ–র (Bihar) শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়—নতুন সরকারে মুখ্যমন্ত্রী পদে আবারও বসতে চলেছেন নীতীশ কুমার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দু’জনেই ঘোষণা করেছিলেন, এনডিএ জোট নীতীশের নেতৃত্বেই লড়বে। এবার ভোট–পরবর্তী পরিস্থিতিতেও সেই কথাই বাস্তবে পরিণত হতে চলেছে।
সূত্রের খবর, বিহারের নতুন সরকার ২০ নভেম্বর শপথ নেবে। ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজন করা হবে শপথ অনুষ্ঠান। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নীতীশ কুমার নতুন রেকর্ড গড়তে চলেছেন বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। জানা গিয়েছে, বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রচারের সময় একাধিক সমাবেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—জয়ের পর পাটনার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এবার সেই প্রতিশ্রুতি রাখছেন তিনি।এদিকে, শপথের আগেই প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যস্ত নীতীশ কুমার। সকাল ১১টা ৩০ মিনিটে তিনি তাঁর বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠকে বসবেন। সেখানেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হবে। এরপরই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং নতুন সরকার গঠনের দাবি করবেন। জেডিইউ–র তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই এনডিএ নতুন মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করবে।

নতুন সরকার গঠনের পরিকাঠামো ঠিক করতে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন জেডিইউ–র কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। তিনিই জানিয়েছেন, “কয়েক দিনের মধ্যেই নতুন সরকার শপথ নেবে। এনডিএ–র ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা আমরা যথাসময়ে পূরণ করব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এবারের নির্বাচনে ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ পেয়েছে ২০২টি আসনে বিপুল জয়ের স্বীকৃতি। এর মধ্যে বিজেপি সর্বাধিক ৮৯টি আসন পেয়ে শীর্ষে রয়েছে। জেডিইউ পেয়েছে ৮৫ আসন। চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন এলজেপি (আরভি) জিতেছে ১৯টি আসন। এছাড়া এইচএএম ও আরএলএম মিলিয়ে আরও ৯টি আসন পেয়েছে এনডিএ শিবির। বিপরীতে আরজেডি–র নেতৃত্বাধীন মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসনে সীমাবদ্ধ থেকেছে।
