নিউজ পোল ব্যুরো: আবারও শিল্পদুর্ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশ । ফয়জলাবাদের মালিকপুরে একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনায় মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় পুরো এলাকা। ভোরবেলা ঘটে যাওয়া এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন বহু শ্রমিক। ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ এমনই যে, স্থানীয় বাসিন্দাদের কেউই এখনও স্বাভাবিক হতে পারছেন না।
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই আঠা তৈরির কারখানা থেকে অজানা উৎস থেকে বিষাক্ত গ্যাস ছড়াতে থাকে। শ্রমিকরা বিষয়টি বুঝে ওঠার আগেই ভয়াবহ শব্দে বিস্ফোরিত হয় কারখানার একটি বড় বয়লার। বিস্ফোরণের জেরে ভবনের একাধিক অংশ ভেঙে পড়ে, এবং কারখানাটি মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। ব্যাপক ধুলো, ধোঁয়া এবং তাপের কারণে আশেপাশের এলাকাও বিপর্যস্ত হয়ে পড়ে।
ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে (Pakistan) পৌঁছে যায়। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে, আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “প্রথম বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে যায়। আগুন নেভানোর পর সিভিল ডিফেন্স, দমকল এবং জেলা প্রশাসনের সব বিভাগ মিলে উদ্ধার কাজ শুরু করেছে।” ধ্বংসাবশেষের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাঞ্জাব পুলিশের আইজি উসমান আনোয়ার জানিয়েছেন, সমস্ত জরুরি পরিষেবা সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ঘটনায় জড়িত সব সংস্থাই একযোগে কাজ করছে, যাতে আর কোনও প্রাণহানি না ঘটে। অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেছেন। তিনি এ-ও ঘোষণা করেছেন যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রশাসন ও মালিকপক্ষকে কাঠগড়ায় তুলেছে। তাদের অভিযোগ, কারখানাটিতে নিরাপত্তা মানা হয়নি, এবং যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় এত বড় বিপর্যয় ঘটেছে। সংস্থার বক্তব্য, শ্রমিকদের জীবন নিয়ে এই অবহেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
