নিউজ পোল ব্যুরো: প্রাথমিক টেটের (Primary TET) প্রশ্ন-ভুল মামলায় নতুন মোড়—কলকাতা হাই কোর্ট (High Court) স্পষ্ট জানিয়ে দিল, আদালতে যারা মামলা করেছেন বা করেননি, সকল পরীক্ষার্থীই ভুল প্রশ্নের নম্বর পাবেন। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রাথমিক পর্যবেক্ষণে উঠে আসে এই গুরুত্বপূর্ণ মন্তব্য। আগামী সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাবে কোন পদ্ধতিতে, কাকে, এবং কত নম্বর যোগ করা হবে। এরপরই আদালত নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment 2025) বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই নিয়োগে সুযোগ পাওয়ার দাবিতে ২০১৭ ও ২০২২ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার হাই কোর্টের (High Court) পুজো অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।
মামলাকারীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় (Primary TET) মোট ৪৭টি ভুল প্রশ্ন নিয়ে মামলা হয়েছিল হাই কোর্টে (High Court) । এখনও সে মামলা বিচারাধীন। সেই সমস্যার সমাধানে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধি মিলিয়ে একটি কমিটি গঠন করতে আদালত নির্দেশ দিয়েছিল। গত জুলাইয়ে চার সপ্তাহের মধ্যে কমিটির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ থাকলেও, এতদিন তা জমা পড়েনি। এর ফলে ওই দুই বছরের বহু চাকরিপ্রার্থী দুশ্চিন্তায়—তারা কি আদৌ ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? তাদের অভিযোগ, অধিকাংশ অনুত্তীর্ণ পরীক্ষার্থী মাত্র ১–২ নম্বরের জন্য টেট উত্তীর্ণ হতে পারেননি। তাই ভুল প্রশ্নের নম্বর যোগ হলে তাদেরও নিয়োগের সুযোগ পাওয়া উচিত। না হলে পুরনো মামলার জট কাটার আগ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান তারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মামলাকারীরা আদালতে প্রশ্ন তুলেছেন—আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পর্ষদ কেন নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো? আর পর্ষদের সেই গাফিলতির জন্য কেন চাকরিপ্রার্থীদের সুযোগ থেকে বঞ্চিত হতে হবে? শুক্রবার আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি অবশেষে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি বসু জানান—আদালতে যারা এসেছেন এবং যারা আসেননি, প্রত্যেক পরীক্ষার্থীই ভুল প্রশ্নের নম্বর পাবেন। তবে নম্বর গণনার পদ্ধতি কী হবে, কার ক্ষেত্রে কীভাবে তা প্রযোজ্য হবে—এসবের বিস্তারিত জানাবে পর্ষদ আগামী সোমবার। এরপরই আদালত নির্ধারণ করবে চূড়ান্ত রায়। এই রায়কে কেন্দ্র করে হাজার হাজার টেট (Primary TET) –আশাপ্রার্থীর নজর এখন হাই কোর্টের (High Court) পরবর্তী শুনানির দিকে।
