নিউজ পোল ব্যুরো: সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra) আপাতত বড় স্বস্তি পেলেন। দিল্লি হাই কোর্ট শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে মহুয়ার (Mohua Moitra) বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল করতে পারবে না সিবিআই (CBI)। ফলে লোকপালের নির্দেশ সত্ত্বেও তদন্তকারী সংস্থার পদক্ষেপ অন্তত কিছুদিনের জন্য থেমে গেল। আইনবিশেষজ্ঞদের মতে, এই নির্দেশ মহুয়ার আইনি লড়াইয়ে প্রথম বড় জয়।
আরও পড়ুন: Primary TET : ভুল প্রশ্নে নম্বর পাবেন সব পরীক্ষার্থী, প্রাথমিক টেট মামলায় বড় পর্যবেক্ষণ হাই কোর্টের
লোকসভায় প্রশ্ন জিজ্ঞাসার বিনিময়ে শিল্পপতি গোষ্ঠীর কাছ থেকে ঘুষ গ্রহণ ও তাদের স্বার্থে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে মহুয়ার (Mohua Moitra) বিরুদ্ধে। ২০২৪ সালের শুরুর দিকে এই মামলা সামনে আসে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত, এবং লোকসভা নির্বাচনের আগে মহুয়ার সাংসদ পদও খারিজ করে দেয় সংসদ। পরে বিষয়টি সংসদীয় নীতিশাস্ত্র কমিটিতেও গড়ায়।
এরপর গত ১২ নভেম্বর লোকপাল সিবিআইকে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমতি দেয়। লোকপাল জানায়, ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইন অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দিতে পারবে এবং সেই জন্য চার সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে একইসঙ্গে লোকপাল আরও জানায়, চার্জশিট জমা দেওয়া মানেই আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ সূচনা নয়; আদালতে চার্জশিট দাখিলের পরই সিবিআইয়ের পরবর্তী আবেদন বিবেচনা করা হবে।
এই নির্দেশের বিরোধিতা করে মহুয়ার আইনজীবী নিধেশ গুপ্তা দিল্লি হাই কোর্টে আবেদন জানান। শুক্রবার বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শংকরের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আদালত স্পষ্ট করে দেয়, সিবিআই আপাতত কোনও চার্জশিট দাখিল করতে পারবে না। একইসঙ্গে বেঞ্চ জানায়, মামলার চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে, এবং তখনই স্পষ্ট হবে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ কতটা টিকে থাকবে বা তিনি পুরোপুরি মুক্তি পাবেন কি না। এই নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি মিললেও, মামলার ভবিষ্যৎ গতি নির্ভর করবে আদালতের পরবর্তী রায়ের উপরই। মহুয়ার রাজনৈতিক কেরিয়ার ও ভাবমূর্তির জন্যও এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
