Weather Update: জাঁকিয়ে শীত! কলকাতায় নামতে পারে ১৫ ডিগ্রির ঘরে, পশ্চিমের জেলায় ১২ ডিগ্রির ইঙ্গিত

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই বাংলায় শীতের দাপট ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে রাজ্যের দক্ষিণাংশে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি আরও কড়া হতে পারে, সেখানে পারদ নামতে পারে ১২ ডিগ্রির আশপাশে (Weather Update) । আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শীতের প্রকোপ বাড়তে শুরু করবে। পশ্চিমী হাওয়ার প্রভাব ক্রমশ জোরালো হবে, যার ফলেই তাপমাত্রার এই পতন। এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘দিতোয়ার’ অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের দিকে সরে যাচ্ছে (Weather Update)। ফলে এর সরাসরি কোনও প্রভাব আপাতত পশ্চিমবঙ্গে পড়বে না। আগামী সাত দিনের জন্য রাজ্যে কোনও বড় ধরনের আবহাওয়া সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন : FTII Admission 2025: চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর!ডিসেম্বর–জানুয়ারিতে একাধিক কোর্স আয়োজন এফটিআইআই–এর

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে। কোথাও কোথাও ২০০ মিটার পর্যন্ত নামতে পারে ভিজিবিলিটি, যা যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্কতা জরুরি করে তুলবে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ছয়টি জেলায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহের শেষ দিকে কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে ঢুকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে তা ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ফলে উইকেন্ডে শীতের আমেজ আরও স্পষ্ট হবে। উত্তরবঙ্গেও আজ থেকেই তাপমাত্রা নামার ইঙ্গিত মিলছে (North Bengal Weather Update)। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। আগামী তিন থেকে চার দিনে সেখানে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই রাজ্যের দুই প্রান্তেই শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠতে চলেছে।