East Bengal vs Punjab FC Super Cup Semifinal : ইস্টবেঙ্গলকে কি ভয় পাচ্ছে পাঞ্জাব এফসি? অনুশীলন নিয়ে চুড়ান্ত গোপনীয়তা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে সুপার কাপ (Super Cup) সেমিফাইনালে (Semifinal) খেলতে নামার আগে সতর্ক পাঞ্জাব শিবির। বুধবার সকাল থেকে লুকোচুরি বজায় রাখলেন তারা। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনেও পাঞ্জাব এফসি (Punjab FC) কোচ পানাজিওটিস ডিলম্পেরিসের (Panagiotis Dilmperis) থেকে কোনও প্রশ্নের পরিষ্কার উত্তর আসেনি। ম্যাচের আগের দিন তারা অনুশীলন কোথায় করেছে আদৌ করেছে কি না তা অজানা ফেডারেশনেরও। হাস্যকর বিষয় হলেও এটাই সত্যি। তবে কেন এত লুকোচুরি করছে পাঞ্জাব তা অজানা সকলের। আর কি বা তারা লোকাতে চাইছে?

আরও পড়ুন:Smriti Mandhanna wedding controversy : স্মৃতি-পলাশের বিয়ে কি হচ্ছে? জানালেন ক্রিকেটারের দাদা

অন্যদিকে ইস্টবেঙ্গল শিবির বেশ ইতিবাচক মনোভাব নিয়েই রয়েছে। ভাল প্রস্তুতি সারার পর লাল-হলুদ শিবিরে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কথা শুনে অন্তত সে রকম মনে হওয়াটাই স্বাভাবিক।

তবে অস্কারের চিন্তা তাঁর রক্ষণ নিয়ে। কারণ, নির্ভরযোগ্য ডিফেন্ডার জয় জয় গুপ্তার চোট। সদ্য পায়ে চোট পেয়েছেন তিনি। ফলে সম্ভবত প্রথম একাদশে থাকবেন না তিনি। কিন্তু তিনি আগের থেকে অনেকটাই ফিট রয়েছেন। বুধবার অনুশীলন করেছেন। তাই দ্বিতীয়ার্ধে তার নামার সম্ভাবনা আছে। পাশাপাশি অস্কারের দলের বিদেশিরা ডিফেন্ডার কেভিন সিবিল, মিডফিল্ডার মিগেল ফেরেইরা, সল ক্রেসপো, মহম্মদ রশিদ এবং দুই স্ট্রাইকার হিরোশি ইবুসুকি ও হামিদ আহদাদ—সবাই ভাল ফর্মে রয়েছেন। এটাই কোচ অস্কার ব্রুজোঁর আত্মবিশ্বাসের প্রধান উৎস।

দলের ভারতীয় তারকারাও গ্রুপ পর্বে উজ্জীবিত ফুটবল খেলেছেন। রক্ষণে আনোয়ার আলি, লালচুঙনুঙ্গা, মাঝমাঠে শৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, বিপিন সিং, পিভি বিষ্ণু এবং আক্রমণে এডমন্ড লালরিন্দিকা, ডেভিড লালনসাঙ্গা কোচকে ভরসা দেওয়ার জন্য এ বারও তৈরি। এই টুর্নামেন্টের জন্য একটা ভাল কম্বিনেশন ইস্টবেঙ্গল তৈরিই করে নিয়েছে বলা যায়। সম্প্রতি গোয়ায় এক প্রস্তুতি ম্যাচে ডেম্পো এসসি-কে ৪-১-এ হারায় তারা। তাই সমর্থকদের আশা, তাদের প্রিয় দল ফাইনালে উঠতে পারবে।

প্রতিপক্ষকে পাঞ্জাব এফসিকে নিয়ে লাল-হলুদ কোচ বলেছেন, “ওদের নাইজেরিয়ান লেফট উইঙ্গার সম্পর্কে জানি। ওদের একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আছে। ওদের নিয়ে হোমওয়ার্ক করেছি আমরা। ওরা সর্বশক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে খেলবে। ওরা যথেষ্ট সংঘবদ্ধ ও লড়াকু দল। প্রতিপক্ষদের ওরা যথেষ্ট বেগ দেয়। গ্রুপ পর্বেই সেই প্রমাণ দিয়েছে। ফলে আমরা খুবই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামব। তবে আমি বিশ্বাস করি, আমরা ওদের থেকে একটু হলেও এগিয়ে। আমরা যদি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি তা হলে আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে”।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পাঞ্জাব এফসির আক্রমণে নসুঙ্গুসি এফিয়ং অন্যতম সেরা অস্ত্র। গত মরশুমে উজবেকিস্তানের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবলে সাতটি গোল করেন এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। এ ছাড়া বসনিয়ান মিডফিল্ডার সামির জেলস্কোভিচ তাঁর দলের মাঝমাঠে এক বড় ভরসা। যিনি পাঞ্জাব এফসি-র বেশিরভাগ আক্রমণেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের রক্ষণে খাইমিনথা লুংডিমও বড় ভরসা। গ্রুপ লিগে পাঞ্জাব এফসি একটিও গোল খায়নি। সেটার জন্য তারা কি সত্যি আত্মবিশ্বাসী? যেভাবে লুকোচুরি তারা করছে তাতে তাদের আত্মবিশ্বাস নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে?