নিউজ পোল ব্যুরো: শামি (Mohammad Shami) ইস্যুতে এবার কথা বললেন, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gaguly)। তার মতে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এখনও ভারতীয় দলের সব ফরম্যাটে খেলতে সক্ষম। সাম্প্রতিক রঞ্জি ট্রফিতে নিজের পারফরম্যান্সে শামি প্রমাণ করেছেন, তিনি আগের মতোই কার্যকর এবং ফিট আছেন। তিন ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে বাংলা দলকে একাধিক জয় এনে দিয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার পর চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন শামি, কিন্তু অস্ত্রোপচারের পর ফের নিজের ছন্দে ফিরেছেন বলেই মনে করছেন সৌরভ।
আরও পড়ুন:India vs South Africa test : কড়া নিরাপত্তা ইডেনে, অনুশীলনে নিজেকে নিংড়ে দিলেন গিল
প্রসঙ্গত, বাংলার পেসার আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলে ফিরতে প্রস্তুত। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া (Australia) সফরের ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। ফলে তৈরি হয়েছে জল্পনা—নির্বাচক ও খেলোয়াড়দের মধ্যে কি সত্যিই যোগাযোগে ঘাটতি নেই?

ইতিমধ্যে বাংলার কোচ ও টিম ম্যানেজমেন্টও সামির হয়ে সাফাই দিয়েছেন, দাবি করেছেন ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। অন্যদিকে, বোর্ড নতুন প্রজন্মের পেসারদের তুলে আনছে টেস্ট দলে, ফলে শামির সুযোগ কমে আসছে বলেই ধারণা অনেকের। বর্তমানে জাতীয় নির্বাচক কমিটি যদিও তরুণ পেসারদের দিকেই বেশি ঝুঁকছে—প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddh Krishna) ও আকাশ দীপের (Akash Deep) মতো নতুন মুখেরা এখন টেস্ট দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তবুও সৌরভের বিশ্বাস, শামির অভিজ্ঞতা ও দক্ষতা এখনো দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে। আগামি টেস্ট সিরিজে তাঁর অনুপস্থিতি তাই প্রশ্ন তুলছে অনেকের মধ্যেই।

একই সঙ্গে সৌরভের নজর এখন কলকাতার ইডেন টেস্টের দিকেও, যেখানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তাঁর মতে, তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলের পারফরম্যান্স নজর কাড়ছে। সাম্প্রতিক অনানুষ্ঠানিক টেস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ। সৌরভ মনে করেন, সুযোগ পেলে জুরেল (Dhruv Jurel) ভারতীয় টেস্ট ব্যাটিং লাইন-আপে নতুন মাত্রা যোগ করতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ভারতীয় দলের তরুণরা সম্প্রতি ইংল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্স করেছে—যশস্বী, গিল, রাহুল, পন্থ, সবাই মিলে এক নতুন আস্থা তৈরি করেছেন। শক্তিশালী স্পিন ও পেস আক্রমণকে ভর করে সৌরভের মতে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতই ফেবারিট।
অভিজ্ঞতা ও নতুন রক্তের মিশেলে ভারতীয় ক্রিকেট আজ এক নতুন অধ্যায়ের পথে। সৌরভের আশা, সেই অভিযানে মহম্মদ শামির মতো অভিজ্ঞ যোদ্ধারা যেন আবারও নিজেদের জায়গা ফিরে পান।
