Russia: “যুদ্ধ চাই না, কিন্তু প্রস্তুত আমরা”, ইউরোপ নিয়ে পুতিনের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ইউরোপের (Europe) সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত ঘিরে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা বাড়াতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সর্বশেষ মন্তব্য। দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা বিশ্বের কাছে পুতিন এবার স্পষ্ট করে দিলেন রাশিয়া (Russia) যুদ্ধ শুরু করতে চায় না, তবে কেউ যদি সংঘর্ষ চাপিয়ে দেয়, তবে ক্রেমলিন পিছিয়ে থাকবে না। তাঁর এই বক্তব্য স্বাভাবিকভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: SIR তালিকা সংশোধন ঘিরে উদ্বেগে বঙ্গ বিজেপি, বুধবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

সাম্প্রতিক সময়ে রাশিয়া (Russia) ও পশ্চিমা জোট ন্যাটোর মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। ইউক্রেন যুদ্ধের মাঝেই মস্কো তার সামরিক সক্ষমতা বাড়াতে একাধিক ক্ষেপণাস্ত্র ও উন্নত মানের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য রাষ্ট্রগুলিও তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে পুতিনকে যখন ইউরোপের যুদ্ধ প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না এ কথা আমি বহুবার বলেছি। কিন্তু ইউরোপ যদি হঠাৎ আক্রমণ চালায় বা যুদ্ধ বাধানোর চেষ্টা করে, তবে রাশিয়াও সম্পূর্ণ প্রস্তুত। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।”

 

পুতিনের এই কঠোর হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে, যখন ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমাতে আলোচনা শুরু করার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো সফরে রয়েছেন। তাঁদের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগেই পুতিনের এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে।

 

এছাড়া, পুতিন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রচেষ্টা চালালেও ইউরোপের কিছু নেতা সেই উদ্যোগকে বাধা দিচ্ছেন। তার অভিযোগ, ইউরোপীয় নেতারা রাশিয়ার (Russia) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেদের আলোচনার বাইরে সরিয়ে নিয়েছেন, যা উত্তেজনা বাড়ানোরই সমান।সম্প্রতি সমুদ্রে রাশিয়ার তেলবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনাকেও তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ঘটনাকে “জলদস্যুতা” আখ্যা দিয়ে পুতিন সতর্ক করে বলেন, “যদি ইউক্রেন এমন হামলা চালিয়ে যেতে থাকে, তবে রাশিয়া প্রয়োজন হলে ইউক্রেনকে সমুদ্রপথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole