Vinesh Phogat retirement break : অবসর ভেঙে ফের কুস্তিতে ভিনেশ ফোগাট

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অবসর ভেঙে ফের কুস্তিতে ফিরতে চলেছেন ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। গত অলিম্পিকে ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয়েছিল তারকা কুস্তিগিরের। তৈরি হয়েছিল বিতর্ক। তারপরই অবসর ঘোষণা করেন ভিনেশ। এবার সিদ্ধান্ত বদলে আগামী অলিম্পিককে পাখির চোখ করছেন তিনি। পদকজয়ের লক্ষ্যে অবসর ভেঙে ফিরতে চলেছেন ভিনেশ ফোগাট। ইনস্টাগ্রাম পোস্টে ভিনেশ লিখেছেন, ‘‘প্যারিসই শেষ কি না, সেটা লোকে বার বার জিজ্ঞাসা করেছে। দীর্ঘ দিন আমার কাছে কোনও উত্তর ছিল না। কুস্তির ম্যাট থেকে, এমনকি চাপ, প্রত্যাশা এবং উচ্চাশা থেকেও দূরে থাকা দরকার ছিল। কয়েক বছরের মধ্যে প্রথম বার নিজেকে শ্বাস নিতে দিলাম। আমার যাত্রাপথটাকে আরও এক বার তাকিয়ে দেখলাম। সাফল্য, হতাশা, আত্মত্যাগ— এমন জিনিস যা বিশ্ব কোনও দিন দেখেনি। পিছন ফিরে দেখতে গিয়ে আমি সত্যিটা খুঁজে পেলাম। এখনও খেলাটা ভালবাসি। এখনও লড়াইয়ে নামতে চাই।”

আরও পড়ুন:Harmanpreet Kaur and Yuvraj Singh Stand in Punab Cricket Stadium: নিজেদের রাজ্যে সম্মান দেওয়া হল ভারতের দুই তারকা ক্রিকেটারকে!

দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ফাইনালে নামতে দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের নজরদারিতে থেকেও কী করে ওজন বাড়ল, কোনও অন্তর্ঘাত করা হয়েছে কি-না, নানা প্রশ্ন ওঠে। ফাইনালে ওঠার জন্য অন্তত রুপোর পদক দেওয়া হোক, এমন দাবিও জানানো হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হয় হরিয়ানার কন্যাকে। তারপরই কুস্তি থেকে অবসর নেন।

এর আগে কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। দিল্লির রাজপথে ধর্না, বিক্ষোভে প্রথম সারিতে দেখা গিয়েছে ভিনেশকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে বিধায়ক হয়েছেন। চলতি বছরের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা হওয়ার পাঁচ মাসের মধ্যে আবারও কুস্তির ময়দানে ফেরার সিদ্ধান্ত নিলেন ভিনেশ। তাঁর স্বামী সোমবীর রাঠিও কুস্তিগির। ভিনেশ আরও লিখেছেন, “কুস্তির প্রতি এখনও ভালোবাসা রয়ে গিয়েছে। আবারও খেলতে চাই। আগামী অলিম্পিকে আবারও খেলব। এবার আমি আর একা নই। আমার টিমে রয়েছে আমার ছোট্ট ছেলেও।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole