নিউজ পোল ব্যুরো: আগেই কথা দিয়েছিলেন আসবেন। তিনি এলেনও। মেসি ম্যানিয়া তাকেও ছুঁয়েছিল। ফুটবলের জাদুকরের সঙ্গে দেখা করতে রাতেই শহরে চলে এসেছিলেন শাহরুখ খান। এসেই হোটেলে গিয়ে ছবি তুললেন মেসির সঙ্গে কিন্তু যে মাঠে হাজার হাজার দর্শক তাঁর এবং মেসির যুগলবন্দি দেখার অপেক্ষায় ছিলেন, তা আর হল না কিং খানের। লিয়োনেল মেসির (Lionel Messi) সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ এবং ফটো সেশনের পর নিরাপত্তার অভাবে বিমানবন্দরের পথে রওনা দিলেন বলিউড বাদশা। সঙ্গী হলেন ছোট ছেলে আব্রাম।
আরও পড়ুন:Messi and Shahrukh khan: মেসির সঙ্গে একই মঞ্চে শাহরুখ খান
চলতি বছর ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের অনুপস্থিতি ভাবিয়েছিল তাঁর অগণিত অনুরাগীদের। সাধারণত প্রতি বছরই এই উৎসবের সূচনা করতে শহরে আসেন তিনি। সেই আক্ষেপ মেটাতেই হয়তো জানিয়েছিলেন, মেসির কলকাতা সফরের সময় তিনি উপস্থিত থাকবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan)। ভক্তদের আশা ছিল, ফুটবলের রাজপুত্র এবং বলিউডের বাদশাকে একই ফ্রেমে দেখার। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল।

সূত্রের খবর, শহরে পা রেখে সোজা হোটেলে যান শাহরুখ (Shahrukh Khan)। সেখানেই মেসির সঙ্গে একান্তে দেখা করেন তিনি। সঙ্গে ছিল ছেলে আব্রাম। বিশ্বজয়ী ফুটবলারের সঙ্গে আব্রাম ছবি তোলে, লেন্সবন্দি হন শাহরুখ নিজেও। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। কথা ছিল হোটেল থেকে স্টেডিয়ামে যাবেন তিনি। শাহরুখ খান মাঠে পৌঁছে গিয়েছিলেন। তাঁর গাড়ি যুবভারতী স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকে ভিআইপি জোনেও চলে এসেছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কিংগ খানকে গাড়ি থেকে নামতে বারণ করা হয়। গাড়িতেই মিনিট বিশেক অপেক্ষা করেন শাহরুখ। তারপর মাঠ ছাড়েন। শাহরুখ-মেসিকে এক মঞ্চে দেখার সুযোগ থেকে বঞ্চিত হন দর্শকেরা। মুম্বই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা। যুবভারতী ক্রীড়াঙ্গনের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলাই এর মূল কারণ।
মাঠে এসে গিয়েছিলেন আরও এক ভিআইপি। সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হয়ে যায় যে, সৌরভ মাঠে এসে গিয়েছেন। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এবং তুমুল হট্টগোলে সৌরভ নীরবেই মাঠ থেকে বেরিয়ে যান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গোট কনসার্টে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বাড়ি থেকে রওনাও হয়ে গিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গাড়ি ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি মেসির কাছে দুঃখপ্রকাশ করেন। সব মিলিয়ে ডিসেম্বরের শহরে জমকালো এক সকালের অপেক্ষায় ছিলেন বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ। পরিবর্তে লজ্জা আর কলঙ্কের সঙ্গী হয়ে বাড়ির পথ ধরলেন সকলে।
