Mamata Banerjee: মনরেগার নাম বদল ঘিরে বিতর্ক, কর্মশ্রীর নাম ‘মহাত্মা-শ্রী’ করার ঘোষণা মমতার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরানোর সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সংসদে তীব্র বিরোধিতা ও হইহট্টগোলের মধ্যেই মোদি সরকার লোকসভায় নতুন বিল পাশ করিয়ে নিয়েছে। এই বিলের মাধ্যমে মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’—সংক্ষেপে VB-G RAM-G বা ‘জি রাম জি’। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ঘিরে বিরোধীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।

আরও পড়ুন:Mamata Banerjee: সরকারি প্রকল্পের টাকা পেতে আর দেরি নয়! নয়া পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এই ইস্যুতে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত একটি বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া অত্যন্ত লজ্জাজনক। তাঁর কথায়, “যদি কেন্দ্র সরকার গান্ধীজিকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা বাংলায় সেই দায়িত্ব নেব।” এই ঘোষণা সঙ্গে সঙ্গেই আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নামে ‘মহাত্মা-শ্রী’ রাখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে গান্ধীজি—সব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানানোই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য বলে মন্তব্য করেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উদ্যোগে লোকসভায় এই বিল পেশ করা হয়। প্রস্তাবিত বিলে শুধু নাম পরিবর্তন নয়, কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। তবে একইসঙ্গে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়াবে বলেই মত বিরোধীদের। এই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের ভিতরে যেমন উত্তাল পরিস্থিতি তৈরি হয়, তেমনই সংসদের বাইরেও বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। ব্যানার ও পোস্টার হাতে ইন্ডিয়া ব্লকের নেতারা মিছিল করেন সংসদ চত্বরে। কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও এই আন্দোলনে শামিল হন। বিরোধীদের স্পষ্ট দাবি—১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম কোনওভাবেই মুছে ফেলা যাবে না।