Pakistan: চরম আর্থিক সংকটে পাকিস্তান, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিক্রি করেও মিলবে না পুরো অর্থ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আর্থিক দুরবস্থার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে পাকিস্তান (Pakistan) । সরকারি কোষাগারের হাল সামলাতে এবার দেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান (Pakistan) ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA) বিক্রি করার সিদ্ধান্ত নিল শেহবাজ শরিফের (Shahbaz Sharif) সরকার। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো সংস্থাই বিক্রি হলেও সরকারের হাতে পৌঁছাবে মোট বিক্রয়মূল্যের মাত্র সাত শতাংশ অর্থ। তবুও এই শর্তেই সংস্থাটি বিক্রি করতে রাজি হয়েছে ইসলামাবাদ (Islamabaad)।

আরও পড়ুন: Kolkata High Court: যুবভারতীর ঘটনায় দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের দাবি নিয়ে মামলা হাইকোর্টে

পাকিস্তান (Pakistan) সরকার জানিয়েছে, পিআইএ-র ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার পাশাপাশি সংস্থার পরিচালন ব্যবস্থা থেকেও পুরোপুরি সরে দাঁড়ানো হবে। সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সম্ভাব্য ক্রেতা সংস্থাগুলির কড়া শর্ত। পিআইএ অধিগ্রহণে আগ্রহী চারটি সংস্থা স্পষ্টভাবে জানিয়ে দেয়, সংস্থাটি কেনার পর তারা সরকারের কোনও রকম হস্তক্ষেপ চায় না। সেই কারণেই শেহবাজ সরকার পিআইএ-র ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিতে সম্মত হয়েছে।

পিআইএ কেনার দৌড়ে যে চারটি সংস্থা রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লাকি সিমেন্ট কনসর্টিয়াম, আরিফ হাবিব কনসর্টিয়াম, ফৌজি ফাউন্ডেশনের অধীন ফৌজি ফার্টিলাইজার এবং বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু। সরকার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর দরপত্র আহ্বানের সময়সূচি ঘোষণা করা হবে।

প্রথম পর্যায়ে ক্ষতির মুখে থাকা এই জাতীয় বিমান সংস্থার ৭৫ শতাংশ শেয়ারের জন্য দরপত্র ডাকা হবে। যে সংস্থা দরপত্রে জয়ী হবে, তারা এক মাসের মধ্যে অতিরিক্ত ১২ শতাংশ প্রিমিয়াম দিয়ে বাকি ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগ পাবে। তবে এই বাকি অংশের মূল্য পরিশোধের জন্য ক্রেতাকে এক বছর সময় দেওয়া হবে। সেই কারণে ওই ২৫ শতাংশ শেয়ারের উপর আরও ১২ শতাংশ অতিরিক্ত অর্থ ধার্য করা হয়েছে।

তবে সংস্থাটি বিক্রি করলেও সরকারের লাভ খুব সীমিত। পিআইএ-র বিপুল ঋণ পরিশোধের পাশাপাশি কর ও বিমানবন্দর সংক্রান্ত খাতে ৮০০ কোটিরও বেশি টাকা ব্যয় হবে। ফলে বিক্রির অর্থের বড় অংশই খরচ হয়ে যাবে এসব বাবদ।

বর্তমানে পিআইএ-র বহরে রয়েছে মোট ৩৪টি বিমান। এর মধ্যে মাত্র ১৮টি উড়ান চালানোর উপযোগী অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও সংস্থাটির হাতে রয়েছে ৯৭টি দেশের গুরুত্বপূর্ণ ল্যান্ডিং স্লট এবং একাধিক আন্তর্জাতিক এয়ার সার্ভিস চুক্তি, যা পিআইএ-কে এখনও বাণিজ্যিকভাবে আকর্ষণীয় করে রেখেছে। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেই এই সম্পদ বিক্রি করে শেষ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole