Kolkata High Court: যুবভারতীর ঘটনায় দুর্নীতির অভিযোগ, সিবিআই-ইডি তদন্তের দাবি নিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মেসিকে (Messi) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ে এবার আইনি লড়াই শুরু হল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাগুলিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য ইডি (ED) ও সিবিআই (CBI)-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যুক্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, অনুষ্ঠানের টিকিট কেটে প্রবেশ করতে না পারা বা অব্যবস্থার শিকার হওয়া দর্শকদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবিও তোলা হয়েছে।

আরও পড়ুন: Congress: শীর্ষ নেতৃত্বকে কটাক্ষের জের! খাড়গেকে কটূক্তি করায় বহিষ্কার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক

এই তিনটি জনস্বার্থ মামলার মধ্যে একটি দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাকি দুটি মামলা করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং মৈনাক ঘোষাল। মামলাকারীদের অভিযোগ, মেসির অনুষ্ঠানের আয়োজন ঘিরে চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা ও আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলেছে, যার যথাযথ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ফলে যে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আয়োজক সংস্থার কাছ থেকেই আদায় করার আর্জি জানানো হয়েছে।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রাজ্য সরকারের গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের তদন্ত কমিটি গঠনের এক্তিয়ার রাজ্য সরকারের নেই এবং তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। তিনি চান, সম্পূর্ণ বিষয়টি আদালতের তত্ত্বাবধানে এনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। অন্যদিকে, মৈনাক ঘোষালের আবেদনে বলা হয়েছে, হাইকোর্টের নজরদারিতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। পাশাপাশি ইডি ও সিবিআইয়ের মাধ্যমে আর্থিক দুর্নীতিসহ সমস্ত দিক খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। তাঁর আরও দাবি, যেসব দর্শক অনুষ্ঠানের দিন চরম ভোগান্তির শিকার হয়েছেন, তাঁদের টিকিটের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। এছাড়াও, স্টেডিয়ামের ভাঙচুর ও ক্ষয়ক্ষতির জন্য পুনর্নির্মাণ ও সংস্কারের যাবতীয় খরচ আয়োজক সংস্থাকেই বহন করতে হবে।

এই মামলাগুলির ফলে যুবভারতী-কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক ও আইনি মহলেও নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এখন হাইকোর্টের (Kolkata High Court) সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole