নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের কাজ (Voter List Revision) সম্পূর্ণ করল নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার রাতেই প্রকাশিত হয়েছে চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Electoral Roll), যার পর থেকেই প্রথম দফার ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে ‘ফ্রিজ়’ (Voter List Freeze) হয়ে গিয়েছে। দীর্ঘ প্রক্রিয়ার শেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়ল? নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকা চূড়ান্ত হওয়ার আগে পর্যন্ত রাজ্য জুড়ে মোট প্রায় ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে (Deleted Voters Data)। যদিও এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করেছিলেন, প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। কিন্তু কমিশনের রিপোর্টে সেই সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। দেশের ১১টি রাজ্যে বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) চালানো হয়েছিল, তার মধ্যে বাদ যাওয়া ভোটারের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), যেখানে ২ কোটিরও বেশি নাম বাদ পড়েছে।
জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায় সংখ্যা প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে প্রায় ৩ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মালদহ জেলায় ২ লক্ষের বেশি নাম বাদ গেছে। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, হাওড়া ও হুগলি জেলায় এক লক্ষের বেশি নাম বাদ পড়েছে। সবচেয়ে কম প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলায়। কলকাতার ক্ষেত্রেও ভিন্ন ছবি দেখা গিয়েছে কলকাতা দক্ষিণে প্রায় ২৮ হাজার নাম বাদ গেলেও কলকাতা উত্তরে সেই সংখ্যা কিছুটা বেশি, প্রায় ৩৯ হাজার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
কমিশনের তথ্য অনুযায়ী, বিবেচনাধীন (Under Review Voters) প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৭ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে এবং নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৩২ লক্ষের বেশি ভোটার। তবে এখনও কিছু তথ্য সম্পূর্ণ প্রকাশিত হয়নি, ফলে বাদ পড়া ভোটারের চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
