নিউজ পোল ব্যুরো: চার মাস আগে যুবভারতী ক্রীড়াঙ্গন-এ ঘটে যাওয়া বিশৃঙ্খলার স্মৃতি যেন ফের ফিরে এল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ (West Bengal Assembly Election 2026) উপলক্ষে প্রচারে এসে একই রকম ভিড় ও বিশৃঙ্খলার মুখে পড়লেন অভিনেতা-সাংসদ দেব (Actor-MP Dev)। তাকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার মানুষ জড়ো হলেও, শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয় বহু সাধারণ মানুষকে। ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি মাঠে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল (Kanaialal Agarwal)-এর সমর্থনে সভা করতে এসেছিলেন দেব। অভিযোগ, হেলিকপ্টার থেকে নামার পর মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে ফেলেন দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতারা। ফলে সাধারণ মানুষের পক্ষে তার কাছে পৌঁছানো তো দূরের কথা, ঠিকমতো দেখাও সম্ভব হয়নি।
আরও পড়ুন: Weather Update : ঘূর্ণাবর্তের দাপটে বাংলাজুড়ে ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর সতর্কতা জারি বহু জেলায়
চড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই দেবের দেখা পাননি। স্থানীয়দের একাংশের অভিযোগ, সাধারণ মানুষের জন্য কোনো আলাদা ব্যবস্থাই রাখা হয়নি। বরং নেতা-কর্মীদের ভিড়েই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেলফি তোলা, হাত মেলানো বা উত্তরীয় পরানোর হুড়োহুড়িতে একসময় ঠেলাঠেলি এমন জায়গায় পৌঁছায় যে, দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। উপস্থিত পুলিশও ভিড় সামলাতে হিমশিম খায়। পরিস্থিতি দেখে দেব নিজেই ভিড় সরানোর অনুরোধ জানান বলে জানা গেছে। এই কর্মসূচির পর ইসলামপুর শহরে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত রোড শো করার কথা ছিল (West Bengal Assembly Election 2026)। আশ্রমপাড়া মোড়, চৌরঙ্গী মোড়, বাস টার্মিনাস থেকে PWD মোড় সব জায়গাতেই মানুষ অপেক্ষা করছিলেন তার জন্য। কিন্তু মাঠের বিশৃঙ্খলা ও সময়ের অভাবে নির্ধারিত রুট সম্পূর্ণ না করেই তিস্তা মোড় থেকে অন্য গাড়িতে উঠে এলাকা ছাড়েন দেব। ফলে বহু প্রতীক্ষিত রোড শো কার্যত ভেস্তে যায় (West Bengal Assembly Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন (West Bengal Assembly Election 2026)। যদিও প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বিশৃঙ্খলার অভিযোগ মানতে চাননি। তার দাবি, “অপ্রত্যাশিত ভিড়ের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। তাছাড়া দেবের আরও কর্মসূচি থাকায় সময়ের সীমাবদ্ধতাও ছিল।” পরে দেব নিজে একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে বলেন, “অনেকেই আমাকে দেখতে এসেছিলেন, কিন্তু সব জায়গায় যেতে পারিনি। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।” তবুও ক্ষুব্ধ জনতার প্রশ্ন এভাবে কি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার অপূর্ণই থেকে যাবে?
