Mamata Banerjee: মমতার হাতে জাপানের সম্মাননা,বিশ্ববিদ্যালয় মঞ্চ থেকে বিশ্বমানবতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নারী ক্ষমতায়নে অসাধারণ অবদানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয় বিশেষভাবে সম্মানিত করেছে। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে ডিলিট সম্মান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই সন্মান মা-মাটি-মানুষকে উৎসর্গ করেছেন বলে জানান।

আরও পড়ুন: Bhutan : ভুটান ও ডুয়ার্সে এখন বিলাসবহুল ভলভো বাস পরিষেবা, জয়গাঁ থেকে সরাসরি কলকাতা যাত্রা শুরু

সম্মাননা গ্রহণের সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জাপান ও বাংলার দীর্ঘ ইতিহাসে গড়ে ওঠা বন্ধুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “জাপান শান্তি, সম্প্রীতি এবং সংস্কৃতির জন্য বিশ্বের কাছে উদাহরণ। বাংলার সঙ্গে জাপানের সম্পর্ক বহু পুরনো। এই সম্পর্ক শিক্ষা ও শিল্প ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।” তিনি আরও জানান, ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য তার শুভকামনা রইল এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও সমন্বয় বাড়ানোর আশা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রীর কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ সহ বহু প্রখ্যাত বাঙালি জাপানে ভ্রমণ করেছেন। এই ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব অম্লান, বলেন তিনি। তিনি জানান, জাপানের প্রতিনিধিরা বাংলায় এসে তাকে সম্মানিত করেছেন, যা নৈতিকতার প্রতীক এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাজারও আন্তর্জাতিক সম্মানপ্রাপ্তির পরও আমি চাই বাংলার ঘরে সাধারণ জীবন কাটাতে। ভিআইপি নয়, এলআইপি জীবনযাপন আমার লক্ষ্য।” তিনি বাংলার শিল্প, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরেন। উল্লেখযোগ্য যে, মিৎসুবিসি, টাটা, জাইকা সহ বহু আন্তর্জাতিক সংস্থা বাংলা-জাপান সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে বিনিয়োগ করছে।

বাংলার সংস্কৃতি, শিল্প ও শিক্ষার প্রসারে জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব বিশেষভাবে প্রকাশ পায় এই অনুষ্ঠানে। তিনি ভবিষ্যতে জাপান সফরের আশ্বাসও দেন। তার বক্তব্যের সমাপ্তি হয় উদ্দীপনামূলক স্লোগান ‘জয় বাংলা’ দিয়ে, যা বাংলার মানুষের হৃদয় স্পর্শ করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole