বেলা গড়ালেই ধেয়ে আসছে বৃষ্টি! দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট, একাধিক জেলায় হলুদ সতর্কতা

আবহাওয়া কলকাতা জেলা

নিউজপোল ব্যুরো: বেলা ঘনিয়ে এলেই ধেয়ে আসছে বৃষ্টি! সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা, আর দুপুর গড়াতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ মোট ৯ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে সপ্তাহের শুরুতেই ফের ভিজতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বইতে পারে। সোমবার পরিস্থিতি আরও বিস্তৃত হবে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দমকা হাওয়াও বইতে পারে।

মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার আবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত স্বস্তির ছবি নেই। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বাড়তে পারে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

কলকাতায় আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আজ ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টি কমার নাম নেই, বরং বেলা বাড়লেই ফের ভিজতে পারে শহর থেকে জেলা।