নিউজপোল ব্যুরো:সরকারি প্রশাসন ও জনপরিষেবায় বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে নির্দেশিকা জারি করল নবান্ন। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলাকে প্রধান প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহারের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি, অধিসূচনা, ফর্ম, আবেদন, অভিযোগ, নোটিস এবং জনপরিষেবা সংক্রান্ত তথ্য যথাসম্ভব বাংলায় দেওয়ার নির্দেশ রয়েছে।
শুধু প্রশাসনিক দফতর নয়, পুলিশ-আইনী ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। অভিযোগ গ্রহণ, তদন্ত-সংক্রান্ত যোগাযোগ এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও বাংলা ব্যবহারের পরিসর বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও দেখুন :-ধসের ক্ষত সারলেও কাটেনি শঙ্কা, আপ লাইন এড়িয়ে চলল শতাব্দী এক্সপ্রেস
সরকারি আধিকারিক ও কর্মীদের বাংলা ভাষায় নথি(Document) তৈরি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের প্রশিক্ষণও দেওয়া হবে। বাংলা ব্যবহারের পরিকাঠামো গড়ে তুলতে সরকারি কম্পিউটার ব্যবস্থা, নেটওয়ার্ক, ডিজিটাল পরিষেবা ও নথি ব্যবস্থাপনাকে বাংলা-উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
এই কর্মসূচির অগ্রগতি তদারকিতে মুখ্যসচিবের সভাপতিত্বে রাজ্যস্তরীয় পরিচালন সমিতি গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি দফতর ও জেলায় পৃথক বাস্তবায়ন কমিটিও থাকবে। পাশাপাশি প্রতি মাসে অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।
বাংলার পাশাপাশি নেপালি, সাঁওতালি, রাজবংশী, কামতাপুরী, কুর্মালি-সহ বিভিন্ন মাতৃভাষাকেও প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়ার কথা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
