ধসের ক্ষত সারলেও কাটেনি শঙ্কা, আপ লাইন এড়িয়ে চলল শতাব্দী এক্সপ্রেস

জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো: নিউ ফরাক্কায় রেললাইনে ধসের জেরে তৈরি হওয়া সমস্যা মেরামত করা হলেও এখনও পুরোপুরি ঝুঁকি নিতে চাইছে না রেল। শনিবার মেরামতির কাজ শেষ হওয়ার পর ওই আপ লাইনে ট্রায়াল রান করা হয়। ট্রায়াল সফল হলেও নিয়মিত ট্রেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে রেল কর্তৃপক্ষ।

এর জেরে হাওড়া থেকে আসা শতাব্দী এক্সপ্রেসকে নির্ধারিত আপ লাইন দিয়ে নিউ ফরাক্কা জংশনে ঢোকানো হয়নি। বর্ধমান, রামপুরহাট ও পাকুড় হয়ে তিলডাঙায় পৌঁছনোর পর ট্রেনটির রুট পরিবর্তন করা হয়। তিলডাঙা থেকে বল্লালপুর হয়ে আজিমগঞ্জের দিকের রুট ধরে নিউ ফরাক্কা জংশনে প্রবেশ করে শতাব্দী।

গত ৩ সেপ্টেম্বর রাতে ফরাক্কা এলাকায় প্রবল বৃষ্টির পর নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী অংশে রেললাইনের পাশে মাটি বসে যায়। আপ ও ডাউন লাইনের মাঝের বাঁধ দিয়ে জল ঢুকে পড়া এবং পাশের পুকুরের জলের প্রভাবে মাটি আরও নরম হয়ে যায়। এর ফলে আপ লাইনের নিচের মাটি সরে গিয়ে ট্র্যাক বসে যায়।

ঘটনার পর রেলের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে ট্রেন চলাচল বন্ধ করে মেরামতির কাজ শুরু করেন। আপাতত লাইনটি পরীক্ষা করে দেখার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার কারণ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।