নিউজ পোল ব্যুরো: কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বয়স নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় দল থেকে বহিষ্কৃত হলেন ওড়িশার (Odissa) কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক মহম্মদ মুকিম। জানা গিয়েছে, সম্প্রতি তিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) একটি চিঠি লিখে দলের বর্তমান নেতৃত্ব কাঠামো নিয়ে নিজের অসন্তোষের কথা জানান। সেই চিঠিতেই খাড়গের বয়সের প্রসঙ্গ তুলে ধরে মুকিম দাবি করেন, ৮৩ বছর বয়সে দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাঁর মতে, এই বয়সে নিয়মিত সফর, সাংগঠনিক বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা প্রায় অসম্ভব।
মুকিম চিঠিতে আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের (Congress) প্রয়োজন একজন তরুণ, উদ্যমী এবং সক্রিয় সভাপতি। তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) এই দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন এবং বলেন, দলে এমন বহু তরুণ নেতা-নেত্রী রয়েছেন যাঁদের সামনে আনা উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাহুল গান্ধী ইতিমধ্যেই লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন, ফলে সভাপতির দায়িত্ব অন্য কাউকে দেওয়া হলে দল উপকৃত হতে পারে।
এই চিঠির পরই দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে মহম্মদ মুকিমকে কংগ্রেসের (Congress) প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এআইসিসি। ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারের পর সাক্ষাৎকারে মুকিম জানান, তাঁর চিঠিতে কেবল নেতৃত্ব পরিবর্তনের দাবিই নয়, দীর্ঘদিনের জমে থাকা ব্যক্তিগত ক্ষোভও উঠে এসেছিল। তিনি অভিযোগ করেন, টানা তিন বছর চেষ্টা করেও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তাঁর মতে, শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল স্তরের নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। এই অবহেলার কারণেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরা ও হিমন্ত বিশ্বশর্মার মতো নেতারা দল ছেড়ে গিয়েছেন বলে তিনি দাবি করেন।
মুকিম আরও বলেন, শচীন পাইলট, ডি কে শিবকুমার, রেবন্ত রেড্ডি কিংবা শশী থারুরের মতো নেতাদের সামনে আনা হলে দল নতুন শক্তি পেতে পারে। রাজ্যগুলিতে কংগ্রেসের ক্রমাগত খারাপ ফলাফল নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বহিষ্কারের সিদ্ধান্তে হতাশ মুকিম জানান, সারাজীবন দলের সেবা করার পর এমন আচরণ তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
