নিউজ পোল ব্যুরো: রমজান ও ইদ-উল-ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ন্যূনতম তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আগামী মার্চের মাঝামাঝি সময়ে রাজ্যে ইদ উদ্যাপন হবে তার আগেই রাজ্য সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাব পেশ করেছেন তিনি। ছুটির দাবির পাশাপাশি রমজান মাসজুড়ে প্রশাসনিক ও পরিকাঠামোগত একাধিক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বক্তব্য, রমজান ও ইদ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। সেই প্রেক্ষিতে তিনি রমজান মাসে বিশেষ রেশন বরাদ্দ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আলাদা টাস্ক ফোর্স গঠন, ইফতার ও সেহরির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঈদের আগে ও পরে অতিরিক্ত ট্রেন ও বাস পরিষেবা চালু করা, ঈদ সপ্তাহে গুরুত্বপূর্ণ পরীক্ষা না রাখা এবং রোজাদার কর্মীদের সুবিধার্থে সাময়িকভাবে অফিসের সময়সূচিতে ছাড় দেওয়ার প্রস্তাবও দেন তিনি। এসবের সঙ্গে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার কথাও জোর দিয়ে বলেন।
কংগ্রেস নেতার (Adhir Ranjan Chowdhury) দাবি, এগুলি কোনও বিশেষ সুবিধা নয়; বরং উৎসবের সময়ে প্রশাসনিক মানবিকতা, সামাজিক সম্প্রীতি এবং নাগরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে রমজানের উপবাস। এক মাস সিয়াম সাধনার পর ২০–২১ মার্চ নাগাদ ইদ-উল-ফিতর পালিত হবে বলেই সম্ভাবনা। এই সময়কাল মাথায় রেখেই তিন দিনের ছুটির দাবি তোলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদের মানুষের আবেগ ও প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রীদের অনুভূতিকে সম্মান জানিয়ে মহারাজা কৃষ্ণনাথের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে রাজ্য সরকারকে সাধুবাদও জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
