Business Conclave : কলকাতায় প্রথম বিজনেস কনক্লেভ! আট শিল্পক্ষেত্রের গুরুত্ব তুলে ধরবে সম্মেলন

কলকাতা প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: কলকাতায় এই প্রথম আয়োজন করা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিজনেস কনক্লেভ (Business Conclave) । বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পরিবর্তে চলতি বছরে রাজ্য সরকার নতুন এই ফরম্যাটে শিল্প ও বিনিয়োগ বিষয়ক সম্মেলনের পথে হাঁটছে। সূত্রের খবর, কলকাতার (Kolkata) ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত এই কনক্লেভকে (Business Conclave) কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে।

আরও পড়ুন : SIR : খসড়া ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শুনানির নোটিস, ৩০ লক্ষের বেশি ‘আনম্যাপড’ ভোটারকে ডাক নির্বাচন কমিশনের

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, দেশের প্রথম সারির একাধিক শিল্পপতি ও কর্পোরেট নেতৃত্ব এই কনক্লেভে উপস্থিত থাকার কথা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হর্ষ নেওটিয়া, আইটিসি-র সিইও সঞ্জীব পুরি, আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া এবং উমেশ চৌধুরীর মতো শিল্পজগতের পরিচিত মুখেরা। পাশাপাশি জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের পুত্র পার্থ জিন্দালের উপস্থিতির সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকেও প্রতিনিধিরা থাকবেন বলে সূত্রের দাবি। শিল্প সূত্রে খবর, টাটা মোটরস এবং টাটা হিতাচির শীর্ষ আধিকারিকদের পাশাপাশি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর উৎপাদন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের প্রতিনিধিরাও কনক্লেভে (Business Conclave) যোগ দিতে পারেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে আইবিএম, ইনফোসিস, উইপ্রোর মতো বহুজাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও উল্লেখযোগ্য। শুধু দেশীয় শিল্পগোষ্ঠী নয়, রাজ্যে অবস্থিত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের দূতাবাসের প্রধানরাও এই সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও রাজ্যের বড় ও ছোট সমস্ত বণিকসভা এবং শিল্প সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি থাকছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই বিজনেস কনক্লেভে (Business Conclave) বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আটটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রকে। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বাছাই করা এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে—ইস্পাত, মণি ও রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), সেমিকন্ডাক্টর, পর্যটন এবং বস্ত্র শিল্প। এই আটটি সেক্টরের সম্ভাবনা ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরতে আলাদা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে, যা কনক্লেভে (Business Conclave) অতিথিদের সামনে উপস্থাপন করা হবে। এদিকে এই সম্মেলনের ঠিক আগেই রাজ্যের শিল্পনীতি ও বিনিয়োগ বাস্তবায়ন নিয়ে কড়া সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাদের অভিযোগ, একের পর এক বাণিজ্য সম্মেলন হলেও বাস্তবে বড় বিনিয়োগ কেন রাজ্যে আসছে না, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এই প্রেক্ষাপটে কলকাতার প্রথম বিজনেস কনক্লেভ (Business Conclave) রাজ্যের শিল্প ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেদিকেই এখন নজর।