Vaishno Devi Yatra: বৈষ্ণোদেবী যাত্রায় প্রাণ গিয়েছে ৩১ জনের, পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ মমতার

কলকাতা

নিউজ পোল ব্যুরো: প্রকৃতির রোষে ভয়ঙ্কর হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ভাসছে জম্মু-কাশ্মীরে। বৈষ্ণোদেবী যাত্রাপথে নেমেছে ভয়ানক ধস। তাতেই প্রাণ হারিয়েছেন ৩১ জন। একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে নদীগর্ভে। জরুরি পর্যায়ে চলছে উদ্ধার কাজ। উদ্ধারে নেমেছে বায়ুসেনা। জম্মু ও কাশ্মীর বৈষ্ণোদেবী যাত্রায় ৩১ জনের প্রাণ হানিতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈষ্ণোদেবী যাত্রায় প্রাণ হারানো ৩১ জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘এত মানুষের প্রাণহানি আমাকে শোকাহত করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মা বৈষ্ণোদেবী ওদের দ্রুত সুস্থ করুন।’ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্রাণহানির ঘটনায় বেশ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগ (বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধস) আমাদের চিন্তিত করে তুলেছে। আমি ওখানকার বাসিন্দাদের প্রতি সমবেদনা জানাই।’

শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী রুটে অর্ধকুওয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে মর্মান্তিক ভূমিধসে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে প্রিয়জনদের হারিয়ে শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া সকলের নিরাপত্তার জন্য আমি প্রার্থনা করি। মা বৈষ্ণো দেবী এই মুহূর্তে সকলকে শক্তি এবং আরোগ্য দান করুন।”

আরও পড়ুন: Jammu Kashmir: ভয়াবহ ধস বৈষ্ণোদেবীর পথে, ভূমিধ্বসে মৃত বেড়ে ৩০, স্থগিত যাত্রা

উল্লেখ্য, অবিরাম বৃষ্টিপাত জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভারী বৃষ্টির কবলে পড়ে মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঘটে এই ভয়াবহ ভূমিধস (Landslide)। দুর্ঘটনার (Jammu Kashmir) পরপরই শুরু হয় উদ্ধারকাজ, রাতভর চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। এর আগেও কিস্তওয়ার ও কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে বহু প্রাণহানির নজির রয়েছে, এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। ভূমিধসে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। এখানেই শেষ নয় কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ডোডা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি। বিপদসীমার উপর দিয়ে নদীর জলস্তর বইছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, আশঙ্কা করা হচ্ছে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত ৩,৫০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole