SIR : খসড়া ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শুনানির নোটিস, ৩০ লক্ষের বেশি ‘আনম্যাপড’ ভোটারকে ডাক নির্বাচন কমিশনের

কলকাতা

নিউজ পোল ব্যুরো: খসড়া ভোটার তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে শুনানির প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন (SIR)। বৃহস্পতিবার সকাল থেকেই বুথ স্তরের আধিকারিকরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে নোটিস পৌঁছে দিতে শুরু করেছেন। আপাতত প্রথম ধাপে নোটিস পাঠানো হচ্ছে সেই সব ভোটারদের, যাদের বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে পাওয়া যায়নি। কমিশনের পরিভাষায় এরা ‘আনম্যাপড’ ভোটার। রাজ্যে এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ৩০.৫৯ লক্ষ বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগের দিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানান, খসড়া তালিকায় যেসব ভোটারের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় রয়েছে (SIR), তাদের শুনানিতে ডাকা হবে। কোন দিন, কোথায় হাজিরা দিতে হবে, সেই তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট বিএলও (BLO) ভোটারের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ীই বৃহস্পতিবার থেকে ম্যাপিং না হওয়া ভোটারদের নোটিস দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন : Weather Update : শীতের প্রত্যাবর্তনে বড় আপডেট! দক্ষিণবঙ্গে নামছে পারদ, কুয়াশার সতর্কতা জারি

কমিশনের হিসাব অনুযায়ী, ‘আনম্যাপড’ ভোটারদের পরবর্তী ধাপে ডাকা হবে প্রায় ১.৩৬ কোটি ভোটারকে। এদের মধ্যে রয়েছেন যাদের বয়স, বাবার নাম, বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে বয়সের পার্থক্য, এমনকি লিঙ্গ সংক্রান্ত তথ্যেও অসঙ্গতি রয়েছে। আবার কেউ কেউ বাবার বদলে মামা বা মাসির নাম দিয়ে নিজেকে ম্যাপিং করিয়েছেন—তাদেরও শুনানিতে ডাকা হতে পারে। যদিও কমিশন কর্তাদের ধারণা, চূড়ান্ত তালিকায় এই সংখ্যা কিছুটা কমবে। তবে জাতীয় নির্বাচন কমিশন থেকে শুনানির নির্দিষ্ট পদ্ধতি নিয়ে এখনও স্পষ্ট নির্দেশ না আসায়, শুনানি শুরু হতে আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার গড়িয়ে যেতে পারে। এর মধ্যেই খসড়া ভোটার তালিকায় জীবিত ভোটারকে ‘মৃত’ হিসেবে দেখানোর ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে (SIR)। ডানকুনির ঘটনার পর মাটিগাড়া নক্সালবাড়ি ও কোচবিহার দক্ষিণে আরও তিনজন ভোটারকে মৃত দেখানোর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় যুক্ত তিন বিএলওকে (BLO) শো-কজ নোটিস পাঠিয়েছে কমিশন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতে সাতজন বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে চুঁচুড়ার বাসিন্দা স্নেহময় ভট্টাচার্য অভিযোগ করেছেন, কর্মসূত্রে বাইরে থাকা তার ছেলেকে ‘স্থানান্তরিত’-র বদলে ‘মৃত’ দেখানো হয়েছে। এসব ঘটনায় ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আর কমিশনের শুনানির দিকেই এখন তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ ভোটার (SIR)।