Ram Sutar: প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের প্রখ্যাত ভাস্কর ও স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার (Ram Sutar) বুধবার রাতে আমাদের মাঝে নেই। নয়ডায় (Noida) নিজের বাড়িতে ১০০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর প্রথমে তাঁর ছেলে অনিল সুতার সংবাদমাধ্যমে জানান। অনিল জানান, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, ১৭ ডিসেম্বর মধ্যরাতে আমাদের পিতা, শ্রী রাম ভানজি সুতার আমাদের ছেড়ে চলে গেছেন।”

আরও পড়ুন: SIR : খসড়া ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শুনানির নোটিস, ৩০ লক্ষের বেশি ‘আনম্যাপড’ ভোটারকে ডাক নির্বাচন কমিশনের

রাম সুতারের (Ram Sutar) মৃত্যুর খবরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, “শ্রী রাম সুতারের (Ram Sutar) মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন অসাধারণ ভাস্কর ছিলেন, যাঁর সৃজনশীলতা এবং দক্ষতা ভারতের শিল্প ও সংস্কৃতির অবিস্মরণীয় নিদর্শন হিসেবে স্থাপন করেছে। স্ট্যাচু অফ ইউনিটি এবং অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যগুলি তাঁর অসাধারণ প্রতিভার পরিচয়।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “তার পরিবার, ভক্ত এবং যাঁরা তাঁর কাজের মাধ্যমে প্রেরণা পেয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

রাম সুতার ১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্রের ধুলে জেলার গন্ডুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ভাস্কর্য শিল্পের প্রতি গভীর আগ্রহী ছিলেন। মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট এবং আর্কিটেকচারে পড়াশোনা শেষে তিনি গোল্ড মেডেল লাভ করেন। তিনি দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গুরুত্বপূর্ণ ভাস্কর্য নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ধ্যানমগ্ন অবস্থায় মহাত্মা গান্ধীর মূর্তি এবং সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়া ছত্রপতি শিবাজির প্রতিকৃতি। তবে সবচেয়ে খ্যাতি পেয়েছেন গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির নকশার জন্য। এই মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নামে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলির মধ্যে একটি।

রাম সুতারের সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে তিনি পদ্মশ্রী, ২০১৬ সালে পদ্মভূষণ এবং সম্প্রতি মহারাষ্ট্র সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার ‘মহারাষ্ট্র ভূষণ’ প্রদান করে ভূষিত করেছে। তার অবদান ভারতের শিল্প, ইতিহাস এবং সংস্কৃতির মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole