নিউজ পোল ব্যুরো: ডিসেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পুরোপুরি শীতের আমেজ ধরা দিচ্ছে না (Weather Update)। কখনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠছে, আবার কখনও হঠাৎ করেই নামছে। এই ওঠানামার মধ্যেই শীতের প্রত্যাবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস প্রকাশ করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) এবং আলিপুর আবহাওয়া দফতর। তাদের রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে রাজ্যে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে, যদিও তা এখনও পুরোপুরি স্থায়ী হয়নি। চলতি মরশুমে এই প্রথম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। রবিবার সেখানে পারদ নেমে দাঁড়িয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসার পথে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, যা শীতের প্রকোপ স্পষ্ট করছে (Weather Update)।
আরও পড়ুন : Online Safety : ব্রিটেনে অশ্লীল কনটেন্টে বয়স যাচাই বাধ্যতামূলক! অ্যাপেল ও গুগল পদক্ষেপ নিতে চলেছে
আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে (Weather Update)। তবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে কুয়াশার প্রভাব আরও বাড়বে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসে, ফলে সেখানে শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। কলকাতার আবহাওয়ার দিকেও নজর রয়েছে সবার। শহরে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমেছে। আগামী দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশপাশে (Weather Update)। ভোর ও গভীর রাতে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
আগামী সাত দিনে উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকবে, যার প্রভাব পড়তে পারে সকালের যান চলাচলে (Weather Update)। শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও শীতের প্রভাব বাড়ছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মণিপুরে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। সব মিলিয়ে বলা যায়, ধীরে ধীরে হলেও শীত তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে (Weather Update)।
