Dilip Ghosh : ২১ জুলাইয়ের মঞ্চে বড় চমক দিতে চলেছে তৃণমূল? ‘সব প্রশ্নের সমাধান হয়ে যাবে’, বললেন দিলীপ ঘোষ

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দিলীপ ঘোষ (Dilip Ghosh ) মানেই বঙ্গ রাজনীতিতে চর্চার অন্যতম ব্যক্তি। যার কর্মকাণ্ড ঘিরে চর্চা চলতেই থাকে। বর্তমানে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন বিজেপিতে। ডাক পাচ্ছেন না দলের কর্মসুচিতে। রাজনীতির ময়দানে টিকে থাকতে কি এবার ফুল বদল করবেন দিলীপ ঘোষ? ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে দেখা যাবে কি তাঁকে? এই জল্পনা জোরাল হচ্ছে। সোমবারও নিউটাউনে প্রাতঃভ্রমণে বের হলে তাঁকে ফের ২১ জুলাই নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর নয় বরং জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে কি দেখা যাবে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষকে? এই প্রশ্নের উত্তরে বলেছেন, “কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না কী হয়। মানুষ কী জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।” এর পরেই তিনি আরও চমক দিয়ে বলেছেন, ”২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।” বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির সমবারের মন্তব্যের পর ২১ জুলাই কি চমক দিতে চলেছে তৃণমূল তা জানতে আরও আগ্রহ বেড়েছে।

আরও পড়ুন : Weather News: চলছে নিম্নচাপের স্পেল! রাজ্যের কোন কোন জেলায় চলবে বর্ষার দাপট?

এই প্রসঙ্গে উল্লেখ্য, আগামী ১৮ জুলাই কলকাতায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। সেখানে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেখা যাবে কিনা তা নিয়েও চর্চা কম হচ্ছে না। এর আগে প্রধানমন্ত্রী মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে দেখা যায়নি বঙ্গ বিজেপির দাপুটে এই নেতাকে । এমনকি তাঁর দেখা মেলেনি সদ্য দায়িত্ব নেওয়া বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বরণ অনুষ্ঠানে। দলের এই অনুষ্ঠানগুলিতে দিলীপ ঘোষকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। এই কথা নিজেও স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। পর পর দলের একাধিক অনুষ্ঠান থেকে ব্রাত্য হওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া সব নিয়েই বঙ্গ রাজনীতি এখন মুখর দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে। আগামীতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি তা ২১ জুলাইয়ের পরেই স্পষ্ট হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=p1afHpHJWa5-cEhQ