নিউজ পোল ব্যুরো: বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে, ততই রাজনৈতিক তৎপরতা তীব্র হচ্ছে রাজ্যে। ভোটের আগে ফের একবার বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনদিনের সফরে সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁর আগমনকে ঘিরে বিকেল থেকেই বিমানবন্দরের বাইরে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে।
আরও পড়ুন: TMC: শুনানিতে কেন ব্রাত্য বিএলএ-রা? কমিশনে নালিশ তৃণমূলের, চাইল ভার্চুয়াল ব্যবস্থাও
বিমানবন্দর থেকে বেরোনোর পর আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন অমিত শাহ (Amit Shah)। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এই সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের পর সোজা চলে যান সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে। সেখানেই সোমবার রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বছরের শেষলগ্নে ভোটমুখী বাংলায় অমিত শাহের (Amit Shah) এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের নজর, বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে তিনি বঙ্গ বিজেপিকে কী বার্তা দেন এবং কোন কৌশলে এগোতে বলেন, সেদিকেই। সূত্রের খবর, নির্বাচনী রণকৌশল, সংগঠন মজবুত করার দিকনির্দেশ এবং প্রচারের মূল সুর এই সবকিছু নিয়েই দলের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন শাহ। বিশেষ করে সোমবার রাতের বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। প্রথমে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর মধ্যাহ্নভোজনের আগে ও পরে একাধিক দফায় রাজ্য বিজেপির নির্দিষ্ট কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করবেন তিনি। বিকেলের দিকে মানিকতলার কেশব ভবনে সংঘ নেতৃত্বের সঙ্গে একটি সমন্বয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
অন্যদিকে, বুধবার কলকাতায় ইসকন মন্দির দর্শনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই সূচিতে পরিবর্তন হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, অমিত শাহ ঠনঠনিয়া কালী বাড়িতে পুজো দেবেন। এরপর একটি অভিজাত হোটেলে রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে প্রায় এক ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সেই বৈঠকেই আগামী দিনের রাজনৈতিক রূপরেখা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক ও মধ্যাহ্নভোজন পর্ব শেষ করেই বুধবার সন্ধ্যার দিকে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোটের আগে এই সফর যে বঙ্গ বিজেপির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
