TMC: শুনানিতে কেন ব্রাত্য বিএলএ-রা? কমিশনে নালিশ তৃণমূলের, চাইল ভার্চুয়াল ব্যবস্থাও

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) ঘিরে বাংলাজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সেই আবহেই শুরু হয়েছে শুনানি পর্ব, যেখানে প্রবীণ নাগরিক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের সরাসরি হাজির হতে বলা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল শাসক শিবির। শুনানি প্রক্রিয়ায় একাধিক পরিবর্তনের দাবি জানিয়ে সোমবার কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের (TMC) প্রতিনিধি দল।

আরও পড়ুন: Mamata Banerjee: ইউনেস্কোর সম্মানকে মর্যাদা! নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করে বিরোধীদের তোপ মমতার

সোমবার দুপুরে কলকাতার মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দপ্তরে যান তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী শশী পাঁজা, পুলক রায় এবং বিরবাহা হাঁসদা। দীর্ঘ সময় ধরে সিইও-র সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্ন ও দাবি তুলে ধরেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

পার্থ ভৌমিক (Partha Bhowmik) অভিযোগ করেন, শুনানির নামে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী মানুষদের অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে। শারীরিক সক্ষমতা বা অসুস্থতার কথা বিবেচনা না করেই তাঁদের হাজির হতে বলা হচ্ছে বলে দাবি তাঁর। এই পরিস্থিতিতে কমিশনের উচিত বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা। তৃণমূলের (TMC) তরফে সেই দাবিও স্পষ্টভাবে জানানো হয়েছে।

এছাড়াও এসআইআর সংক্রান্ত শুনানিতে বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-দের উপস্থিতি না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে তৃণমূল। পার্থ ভৌমিক বলেন, এসআইআরের প্রথম ধাপে বাড়ি বাড়ি যাচাইয়ের সময় সব রাজনৈতিক দলের বিএলএদের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে শুনানির সময় কেন তাঁদের বাদ দেওয়া হচ্ছে—এই প্রশ্ন তুলেছেন তিনি। কমিশনের কাছে বিএলএদের উপস্থিতি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি ভার্চুয়াল হিয়ারিং চালু করার উপর জোর দেয় তৃণমূল। বহু মানুষ পড়াশোনা বা কাজের সূত্রে রাজ্যের বাইরে রয়েছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের পক্ষে সরাসরি হাজির হওয়া সম্ভব নয়। তাঁদের কথা মাথায় রেখেই অনলাইন শুনানির ব্যবস্থা করা জরুরি বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে প্রথম দিনে কেউ উপস্থিত থাকতে না পারলে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।

পার্থ ভৌমিক জানান, কমিশনের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীকাল, মঙ্গলবার ফের কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole