নিউজ পোল ব্যুরো: বাঙালির সর্বজনীন উৎসব দুর্গাপুজোর আবেশ আর শুধু কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দুর্গাপুজোর আনন্দ, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার রেশ এবার বছরজুড়ে অনুভব করতে পারবেন মানুষ। বছরে ৩৬৫ দিন দেবী দুর্গার নিত্যপুজোর ব্যবস্থা করতে নিউটাউনে (Kolkata) গড়ে উঠছে বিশেষ ‘দুর্গা অঙ্গন’। সোমবার বিকেলে ওই দুর্গা অঙ্গনের শিলান্যাস করে প্রকল্পটির ভাবনা ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, আগামী দু’বছরের মধ্যেই, অর্থাৎ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই অঙ্গনের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Supreme Court: সুপ্রিম ধাক্কায় আটকাল মুক্তি! উন্নাও কাণ্ডে কুলদীপের জামিনে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, এই দুর্গা অঙ্গন শুধুমাত্র দেবী দুর্গার আরাধনার জন্যই নয়, একই সঙ্গে এখানে আলাদা আলাদা মণ্ডপে লক্ষ্মী ও সরস্বতী পুজোরও ব্যবস্থা থাকবে। ফলে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের এক স্থায়ী কেন্দ্র হিসেবে এই অঙ্গন গড়ে উঠবে। তাঁর কথায়, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির জীবনধারা, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক।
এই প্রকল্প ঘিরে বিরোধীদের ‘হিন্দুত্ব’ প্রসঙ্গে তোলা অভিযোগেরও জবাব দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনও একটি ধর্মকে নয়, সব ধর্মকেই সমান সম্মান করেন। তাঁর মতে, ধর্ম ব্যক্তিগত হলেও উৎসব সবার। তাই সব ধর্মের উৎসব ও অনুষ্ঠানে তিনি অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। এই ভাবনাতেই রাজ্য সরকার সব ধর্মের মানুষের পাশে থাকে।”
দুর্গা অঙ্গন তৈরির পেছনের মূল কারণও ব্যাখ্যা করেন তিনি। সম্প্রতি ইউনেস্কো দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর স্বীকৃতি দিয়েছে। সেই আন্তর্জাতিক স্বীকৃতিকে সম্মান জানাতেই এই দুর্গা অঙ্গনের পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর কথায়, এই অঙ্গন বাঙালির গর্ব, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী স্মারক হয়ে উঠবে।
তিনি আরও জানান, সারা বছর ধরে এখানে নিত্যপুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে দুর্গাপুজোর চেতনা জীবন্ত রাখা হবে। রাজ্যের মানুষ ছাড়াও দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই দুর্গা অঙ্গন এক আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা প্রশাসনের। এই প্রকল্পের মাধ্যমে দুর্গাপুজোর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছেও আরও গভীরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
