Weather Update : দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়ছে পারদ, কুয়াশার দাপট বাড়ার ইঙ্গিত! কবে ফিরবে জাঁকিয়ে শীত?

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: বছরের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার দাপট স্পষ্টভাবে টের পাচ্ছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিক থেকেই সকালের দিকে কুয়াশা, শীতল হাওয়া এবং কম তাপমাত্রা মিলিয়ে শীতের আমেজ ছিল চোখে পড়ার মতো (Weather Update)। তবে সেই চেনা ছবিতে সামান্য বদল এসেছে। এক ধাক্কায় কলকাতার পারদ প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় খানিকটা স্বস্তি মিলেছে শহরবাসীর (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD) আগেই ইঙ্গিত দিয়েছিল, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম হলেও আগের দিনের তুলনায় বেশি (Weather Update)।

আরও পড়ুন : Sunrise Experience : নতুন বছরে সূর্যের প্রথম আলো দেখার সেরা গন্তব্য মুন্সিয়ারি, কন্যাকুমারী ও নুব্রা ভ্যালি

চলতি শীতের মরশুমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। শহর কলকাতা (Kolkata) থেকে শুরু করে জেলা শহর—সব জায়গাতেই কনকনে ঠান্ডা উপভোগ করেছেন মানুষ। তবে এই শীত আর বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। একই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আর খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। অনুমান করা হচ্ছে, পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে (Weather Update)। এরপর প্রায় তিন দিন তাপমাত্রা একই স্তরে স্থির থাকবে। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের (IMD) দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে রাজ্যের সব জেলাতেই নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সেই সময় ফের জাঁকিয়ে শীত পড়তে পারে। তবে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কেবল তীব্র কুয়াশাই প্রধান সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন (North Bengal Weather Update)। দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে শীতের দাপট অনেক বেশি। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। দার্জিলিঙে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে (Darjeeling Snow)। যদিও আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে (North Bengal Weather Update)। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।