নিউজ পোল ব্যুরো: দুই সাংসদের পর এবার এসআইআর (SIR) শুনানির নোটিস পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh)। আগামী ২৮ জানুয়ারি তাঁকে নানুর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস হাতে পেয়েই নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা কোর কমিটির সদস্য ফায়জুল হক ওরফে কাজল শেখ (Kajal Sheikh) স্পষ্ট ভাষায় দাবি করেন, এই নোটিস সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, “আমি বিজেপির বিরুদ্ধে মুখ খুলি বলেই আমাকে টার্গেট করা হচ্ছে। আমি রোহিঙ্গা নই, বাংলাদেশিও নই। আমার পরিবারের চোদ্দ পুরুষের সব নথি রয়েছে। শুনানিতে সব কাগজপত্র সঙ্গে নিয়ে যাব।”বিজেপিকে (BJP) কটাক্ষ করে তিনি (Kajal Sheikh) আরও বলেন, “আমি বিজেপির কাছে মাথা নত করব না। ইডি-সিবিআই দিয়ে আমাকে কোনওভাবেই ফাঁসাতে পারেনি। তাই এখন এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে।” তাঁর দাবি, তিনি সমস্ত নথি জমা দিতে প্রস্তুত এবং কোনও ভয় পান না।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে বর্তমানে এসআইআর শুনানি চলছে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ সামনে আসছে। এমনকি এসআইআর আতঙ্কে কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ ও শীর্ষ নেতার কাছেও নোটিস পৌঁছেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বীরভূম জেলা পরিষদের সভাধিপতির নাম। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কাজল শেখ নানুর বিধানসভা কেন্দ্রের ভোটার। পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে বর্তমান এনুমারেশন ফর্মে দেওয়া তথ্যের কিছু অমিল ধরা পড়েছে বলেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে নানুর থানার অন্তর্গত জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কাজল শেখ। সেই সময় নির্বাচন কমিশনের তরফে তাঁকে বৈধ শংসাপত্রও দেওয়া হয়েছিল। তবুও নতুন করে নোটিস আসায় রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
